নিজস্ব প্রতিবেদক।।
বিনোদনজগৎ থেকে দূরে থাকার অংশ হিসেবে নিজের পুরো মিউজিক ক্যাটালগ বিক্রি করে দিলেন পপ সংগীতের কিংবদন্তি ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে গানের স্বত্ব হস্তান্তর করেছেন তিনি।
এই চুক্তির আওতায় ব্রিটনির ক্যারিয়ারের ৯টি স্টুডিও অ্যালবামের সব জনপ্রিয় গান অন্তর্ভুক্ত রয়েছে। ১৯৯৯ সালে অভিষেকের পর থেকে ‘টক্সিক’ বা ‘বেবি ওয়ান মোর টাইম’-এর মতো বিশ্ব কাঁপানো অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। ২০২১ সালে দীর্ঘ ১৩ বছরের আইনি অভিভাবকত্ব থেকে মুক্তি পাওয়ার পর ২০২৪ সালে তিনি গান থেকে স্থায়ী অবসরের ঘোষণা দেন।
ধারণা করা হচ্ছে, গ্ল্যামার জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতেই ৪৪ বছর বয়সী এই তারকা বিশাল অঙ্কের বিনিময়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ব্রিটনি ছাড়াও সাম্প্রতিক সময়ে শাকিরা ও জাস্টিন বিবারের মতো তারকারাও তাদের গানের স্বত্ব বিক্রি করেছেন।











































