ঢাকা অফিস।।
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করা এবং তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক সেনা কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেছেন, সেখানে কোনো অবরোধের ঘটনা ঘটেনি; বরং অতিরিক্ত সমর্থকের উপস্থিতিতে সাময়িক জটলা সৃষ্টি হয়েছিল।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল কেন্দ্রে পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
পাটওয়ারীর নির্বাচনী কর্মী শামিল অভিযোগ করেন, ‘শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল কেন্দ্রে গেলে অতর্কিতভাবে কিছু লোক আমাদের ওপর হামলা করে। পাটওয়ারী ভাইকে কিল-ঘুষি মারা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি সেখান থেকে বের হয়ে আসেন। পরে সেখান থেকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একজন কর্মকর্তা ভিন্ন বক্তব্য দেন। তিনি বলেন, ‘একজন প্রার্থী অতিরিক্ত সংখ্যক সমর্থক নিয়ে আসায় বড় জটলা সৃষ্টি হয়। এ সময় কিছু চিৎকার-চেঁচামেচি হয়েছে। পরিস্থিতি দ্রুত শান্ত করা হয়েছে। অবরোধের কোনো ঘটনা ঘটেনি।’
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিপুল সংখ্যক সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া কয়েকজন সাংবাদিক কার্ডধারীকেও তাঁর পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।











































