>>৩৬ সংসদীয় আসনে প্রিজাইডিং কর্মকর্তা ৫১৩৩ >> নির্বাচনী কাজে যুক্ত থাকছেন ৮৭ হাজার ২৫৫ জন >> ২০১ প্রার্থীর মধ্যে নারী মাত্র ৭ জন
স্টাফ রিপোর্টার।।
শিক্ষক-চিকিৎসক থেকে ব্যবসায়ী, প্রশাসন থেকে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিটি সেক্টরেই সাফল্যের স্বাক্ষর রাখছেন নারীরা। অংশ নিচ্ছেন কৃষি থেকে সকল চ্যালেঞ্জিং পেশায়। তবুও ভোটের মাঠে নারীদের অংশগ্রহণ এখনো অনেকটাই সীমিত। শুধু প্রার্থী হিসেবেই নয়, ভোটকেন্দ্রে প্রধান হিসেবে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন থেকেও বঞ্চিত হচ্ছেন নারীরা। খুলনা বিভাগে দায়িত্বপালনকারী নারী প্রিজাইডিং অফিসারের সংখ্যা শূন্য।
ফলে প্রশ্ন উঠছে, বড় বড় চ্যালেঞ্জ গ্রহণে সামর্থ্য হলেও নির্বাচনী দায়িত্বে কেন পিছিয়ে পড়ছেন নারীরা। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এ পরিসংখ্যান পাওয়া গেছে।
স্থানীয় নির্বাচন কমিশন বলেছে, ঝুঁকিপূর্ণ ও আগ্রহ না থাকায় নির্বাচনে প্রিজাইডিং অফিসার নেই। তবে নারী নেতা ও সংগঠকরা এমন তথ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিষয়টি বৈষম্যমূলক, অযৌক্তিক ও সামাজিক প্রেক্ষাপটে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের সংসদীয় আসনের সংখ্যা ৩৬টি। এসব আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছে ২০১ জন। যাদের মধ্যে নারী প্রার্থী সংখ্যা ৭ জন। মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৩৮৮ জন। যাদের মধ্যে শুধু নারী ভোটার ৭১ লাখ ১২ হাজার ১০৬ জন। ভোট কন্দ্রে রয়েছে ৫হাজার ১৩৩টি আর ভোট কক্ষের সংখ্যা ২৭ হাজার ৩৭৫টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব ভোট কেন্দ্র ও কক্ষে কমপক্ষে ৮৭হাজার ২৫৫ জন ব্যক্তি নির্বাচনী কাজে যুক্ত থাকছেন। যাদের মধ্যে ৫ হাজার ১৩৩টি কেন্দ্রে সমসংখ্যাক প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এসব কেন্দ্রে এছাড়াও সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করবেন।
তথ্য অনুযায়ী, বিভাগের মেহেরপুর জেলায় দুটি আসনে ভোটকেন্দ্র ২১৩টি, কুষ্টিয়ার চারটি আসনে ৫৯৯টি, চুয়াডঙার দুটি আসনে ৩৫৪টি কেন্দ্র, ঝিনাইদহের চারটি আসনে ৫৮৮টি, যশোর ৬টি আসনে ৮২৪টি, মাগুরার দুটি আসনে ৩০১টি, নড়াইলের দুটি আসনে ২৫৮টি, বাগেরহাটের চারটি আসনে ৫৪৭টি ও খুলনার ছয়টি আসনে ৮৪০টি ও সাতক্ষীরার চারটি আসনে ৬০৯টি কেন্দ্র। এসব কেন্দ্র প্রতি একজন প্রিজাইডিং অফিসার নির্বাচনী প্রধান দািিয়ত্ব পালন করবেন। অথাৎ বিভাগের এই ১০টি জেলায় ৫ হাজার ১৩৩টি কেন্দ্রে সমসংখ্যক প্রিজাইডিং কর্মকত দায়িত্ব পালন করেবন।
প্রিজাইডিং অফিসার নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যিনি ভোটকেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করেন। তিনি ভোটকেন্দ্র স্থাপন, সহকারী ও পোলিং কর্মকর্তাদের কাজ তত্ত্বাবধান, ব্যালট পেপার বা ইভিএমের হিসাব রাখা, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর কাজ করেন।
অভিযোগ উঠেছে, খুলনার বিভাগের ৫ সহস্রাধিক প্রিজাডিং কর্মকর্তার একজন নারীকেও নিয়োগ দেওয়া হয়নি। এতে সংবিধানের ২৮(২) অনুচ্ছেদ অনুযায়ী সমান অধিকার নিশ্চিতকরণ প্রশ্নের মুখে পড়েছে। তেমনি টেইসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫ অর্জনও লক্ষ্যচ্যুত হবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির বিষয়টি স্বীকার করে বলেন, ‘নির্বাচনী কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কেন্দ্রের আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, ব্যালট পেপার সংগ্রহ-সংরক্ষন, ভোট গণনা, ফলাফল প্রকাশসহ সকল দায়িত্ব এই নির্বাচনী কর্মকর্তার। অধিকাংশ কেন্দ্রেই প্রিজাইডিং অফিসারকে একদিন আগে থেকে যেতে হয়। যা আমাদের নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
তিনি আরো বলেন, প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের তার আগ্রহের বিষয়টিও থাকে। নারীরা এ পদে কাজ করতে আগ্রহীও হন না। তবে সহাকারি প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন।
খুলনার আইনজীবী ও নারী নেতা শামীমা সুলতনা শিলু বলেন, ‘নারীরা এমন কোন চ্যালেঞ্জিং পেশা নেই, যেখানে তারা অংশ নিচ্ছেন না। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাষ্ট্র পরিচালনা, ব্যবসাসহ সকল ক্ষেত্রে তারা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। আগেও নারীরা বিভিন্ন কেন্দ্রে নিবার্চনী প্রধান প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তাহলে সেই কাজটি এখনই কেন ঝুঁকিপূর্ণ, অনিরাপদ হয়ে উঠলো। আমি এ ঘটনার শুধু উদ্বিগ্নই নয়, শঙ্কিত। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের কেন বার দুরে রাখার চেষ্টা হচ্ছে।’
সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অধ্যাপক রমা রহমান যিনি নিজেও এক সময়ে প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ বলে নারী দায়িত্ব পালন করতে পারবেনা- এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। আগেই নারীরা এখানে দায়িত্ব পালন করেছেন। নারীরা নির্বাচনের থেকেও কঠিন কঠিন দায়িত্ব পালন করছেন, সেখানে তাদের বাদ রাখা সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা।’
তিনি বলেন, নারীরা সব সময়ই দায়িত্বশীল থেকে কাজ করেন। কোন দুরভিস্বন্ধী থেকেও তাদের দুরে রাখা হতে পারে। বৈষম্যমূলক এমন উদ্যোগ দেশের অধের্কের বেশী নারীকে পেছনে রাখা হয়েছে। বর্তমান অবস্থায় আমরা শঙ্কিত। আমরা কী আবার মধ্যযুগে ফিরে যাব। সরকার বা নির্বাচন কমিশনের এটি প্রত্যাশিত নয়।











































