Home আঞ্চলিক মোরেলগঞ্জে এখনও উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র: ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে শঙ্কা ভোটার...

মোরেলগঞ্জে এখনও উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র: ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে শঙ্কা ভোটার ও প্রার্থীদের

30


মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এখনো অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণায় অস্ত্র প্রদর্শন ও হামলার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শঙ্কা আরও গভীর হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যেই উপজেলায় একাধিক ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। তবে এসব ঘটনার পর একাধিক দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধারের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এতে ভোটের মাঠে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন ভোটাররা।
স্থানীয় ভোটারদের ভাষ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে ভয় ও আতঙ্ক কাজ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এদিকে সচেতন মহলের অভিমত, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ ও দৃশ্যমান অগ্রগতি না হলে মোরেলগঞ্জে নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
অন্যদিকে, সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম অভিযোগ করে বলেন, খাউলিয়া ইউনিয়নের পথের বাজার এলাকায় তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোমনাথ দে’র কর্মী-সমর্থকরা স্বশস্ত্র হামলা চালিয়ে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এছাড়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তার নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজার এলাকায় সম্প্রতি দুই ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান (শিপন) সাংবাদিকদের জানান, গত ৮ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১টা ৩৫ মিনিটে তিনি নিজ বাসায় অবস্থানকালে একটি অজ্ঞাতনামা নম্বর (+৯১৯৭৪৮৮৯৪৬২২) থেকে তার মোবাইল ফোনে কল করে তাকে হত্যাসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই নম্বরে কল দিলে গালাগালিসহ প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, বিভিন্ন সময় অপরিচিত একাধিক নম্বর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এসব ঘটনার প্রেক্ষিতে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন বলে জানান।
এরই ধারাবাহিকতায়, নিরাপত্তাজনিত চরম ঝুঁকির কথা উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের কাজী খায়রুজ্জামান (শিপন) ইতিমধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজের ও কর্মীদের জীবন নিরাপত্তা হুমকির মুখে রয়েছে উল্লেখ করে নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটিয়েছে বলে জানা গেছে।