বাগেরহাট প্রতিনিধি।।
দুই পাশে সবুজের সমারোহ, মাঝখানে লালচে আভার ইটে বাঁধানো প্রশস্ত এক পথ। দেখতে সাধারণ গ্রামীণ রাস্তার মতো হলেও, এই পথের প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে প্রায় সাড়ে ৬০০ বছরের ইতিহাস। বাগেরহাটের এই প্রাচীন সড়ক কেবল যাতায়াতের পথ নয়, এটি বাংলাদেশের প্রাচীনতম সড়ক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এবং ইউনেসকো ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য’ ষাটগম্বুজ মসজিদ এলাকার অংশ।
চতুর্দশ শতাব্দীতে দক্ষিণবঙ্গে ‘খলিফাতাবাদ’ নামে এক সমৃদ্ধ নগর গড়ে তুলেছিলেন হজরত খানজাহান (রহ.)। ঐতিহাসিকদের মতে, এই ইটের পাকা সড়কটি ছিল সেই নগরের প্রধান যোগাযোগ ধমনি। নগর পরিকল্পনায় স্থাপত্য ও প্রকৌশলবিদ্যায় খানজাহানের দক্ষতার প্রমাণ হিসেবে আজও টিকে আছে এই সড়ক।
প্রত্নতত্ত্ববিদদের ধারণা, সড়কটি শুধু যাতায়াতের জন্য নয়, বরং প্রাচীন ভৈরব নদের আগ্রাসন থেকে নগর রক্ষায় ‘রাস্তা-কাম-শহর রক্ষা বাঁধ’ হিসেবেও ব্যবহৃত হতো। সড়কের নিচে থাকা প্রাচীন জলকপাট বা স্লুইস গেট সেই ধারণাকে আরও জোরালো করে।
১৮১৪ সালে প্রকাশিত সতীশচন্দ্র মিত্রের যশোহর-খুলনার ইতিহাস গ্রন্থে এই প্রাচীন সড়কের বিস্তৃত রুটের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ষাটগম্বুজ এলাকা থেকে শুরু হয়ে সড়কটি বাগেরহাট অতিক্রম করে যশোর হয়ে পূর্ব দিকে বরিশাল ও চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল বলে কথিত আছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে টিকে থাকা অংশটি প্রায় ১৬ ফুট প্রশস্ত। পাতলা ইট আড়াআড়িভাবে সাজিয়ে অত্যন্ত মজবুতভাবে নির্মাণ করা হয়েছিল এই সড়ক, যা সামরিক অভিযান ও ধর্মীয় প্রচারের জন্য ব্যবহার হতো। তবে ভূমিকম্প ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে সড়কের বড় একটি অংশ কালের গর্ভে বিলীন হয়ে যায়।
বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. যায়েদ জানান, দেশের একমাত্র প্রাচীন সড়ক নিদর্শন হিসেবে ২০১১ সালে সরকার এই রাস্তাটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। বর্তমানে বাগেরহাট সদর উপজেলার মরগা গ্রামে খানজাহানের বসতভিটা থেকে কাঁঠালতলা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ দৃশ্যমান রয়েছে।
২০১৪ সালে খননকাজের সময় এই সড়কের নিচে পনেরো শতকের কালভার্ট, নিরাপত্তাচৌকি, প্রবেশদ্বার ও অন্যান্য স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই বছর দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর সড়কটির একটি অংশ সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস জানান, খানজাহানের নির্মিত ইটের সড়কগুলো দক্ষিণবঙ্গের সামরিক, ধর্মীয় ও বাণিজ্যিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে কাঁঠালতলা থেকে রণবিজয়পুরগামী প্রাচীন সড়কের আরেকটি অংশ এখনো আধুনিক পাকা রাস্তার নিচে চাপা পড়ে আছে।
ইতিহাসবিদদের মতে, এই প্রাচীন সড়ক শুধু যোগাযোগব্যবস্থার নিদর্শন নয়, বরং মধ্যযুগীয় বাংলার নগর পরিকল্পনা, প্রতিরক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামোর একটি জীবন্ত সাক্ষ্য। যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও মূল্যবান হয়ে উঠতে পারে।











































