Home আঞ্চলিক খুলনা-৬ আসনে আ.লীগের ‘ভোট ব্যাংকে’ নজর সব প্রার্থীর

খুলনা-৬ আসনে আ.লীগের ‘ভোট ব্যাংকে’ নজর সব প্রার্থীর

19



কয়রা (খুলনা) প্রতিনিধি।।


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন; যাদের মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৮৬৯ ও নারী দুই লাখ ১০ হাজার ৪৬১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার নেই সবচেয়ে বেশিবার এ আসনে জয়ী আওয়ামী লীগ। তবে দলটির বিপুলসংখ্যক সমর্থক আছেন এখানে, যাদের ভোটে নজর দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

অতীতের ১২টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থীরা সর্বাধিক ৬ বার জয়ী হয়েছেন এই আসনে। এ ছাড়া জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা জিতেছেন দুইবার করে। বিএনপির প্রার্থী জিতেছেন শুধু ১৯৭৯ সালের নির্বাচনে। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন জামায়াতের প্রার্থী। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে এখানে জেতেন আওয়ামী লীগের প্রার্থী। ২০০১ সালে বিএনপির সমর্থন নিয়ে জেতেন জামায়াতের প্রার্থী। পরবর্তী সব নির্বাচনেই শেষ হাসি ছিল আওয়ামী লীগের। অতীতে ৪০ থেকে ৪২ শতাংশ ভোট গেছে আওয়ামী লীগের বাক্সে।

দুই উপজেলার কয়েকটি এলাকার বাসিন্দাদের ধারণা, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের ভোটই এই আসনের প্রার্থীদের জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে। এ কারণে সব প্রার্থীই তাদের ভোটের আশায় সময় খরচ করছেন বেশি। অতীতে এলাকার সনাতন ধর্মাবলম্বী ভোটের বেশির ভাগই আওয়ামী লীগের পক্ষে গেছে। এবার সেই ভোট নিজ নিজ পক্ষে নিতে সভা-সমাবেশ করছেন প্রার্থীরা।
নির্বাচনী প্রচারের শুরুর দিকেই জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভাগুলোতে অংশ নেওয়া জনপ্রতিনিধিদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক হিসেবে পরিচিত। শুরুর দিকে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের প্রভাব দেখা গেলেও শেষ মুহূর্তে এসে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। গত ৩ ফেব্রুয়ারি পাইকগাছা সরকারি কলেজ মাঠে সমাবেশ করেছেন বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি (ধানের শীষ)। অন্য প্রার্থীরাও আওয়ামী লীগের ভোট পক্ষে নিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছেন।
গতকাল বুধবার কয়রা উপজেলা সদরে নির্বাচনী প্রচারে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী প্রশান্ত কুমার মণ্ডল। তিনি বলেন, এই আসনে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে দলটির প্রার্থী নেই। তাই সেই ভোটাররা ভাসমান। এই ভাসমান ভোটই এবারের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবে বলে তাঁর ধারণা। এ কারণে সেই ভোটের দিকে তাদের নজর বেশি।

এ ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর। পাঁচ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাকি চারজনও নতুন। এলাকার সাধারণ মানুষের ভাষ্য, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠনের পর এখান থেকে জামায়াতের প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। এবারই প্রথম আলাদা নির্বাচন করছে বিএনপি ও জামায়াত। অতীতের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতের প্রভাব দেখা গেলেও এবার বিএনপির কর্মী-সমর্থক বেড়েছে। এ আসনের ১৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থক রয়েছে দলটির। শুরুর দিকে দলীয় মনোনয়ন নিয়ে বিভেদ দেখা দেয়। তবে শেষ মুহূর্তে অন্য পক্ষের নেতারাও দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে পরিস্থিতি পাল্টে গেছে। অপরদিকে, বিগত কয়েকটি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে বিএনপির ভোট জামায়াত প্রার্থীর পক্ষে গেছে। এবার তা পুষিয়ে নিতে আওয়ামী লীগের ভোটে নজর দিয়েছে দলটি।
এ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিতর্কিত নেতাদের অনেকেই গা-ঢাকা দিয়েছে। আবার অনেকেই কারাগারে আছে। তবে দলীয় কর্মী-সমর্থকের বেশির ভাগই এলাকায় আছেন। এ আসনে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছে–এটা সব দলই স্বীকার করবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ভোট টানতে সব প্রার্থীর পক্ষেই চেষ্টা চলছে।

জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সে হিসেবে তাদের একটা বড় সমর্থকগোষ্ঠী রয়েছেন এ আসনে। এলাকার ভোটার হিসেবে তারাও ভোটাধিকার প্রয়োগ করবেন, এটাই স্বাভাবিক। যে কারণে এবারের নির্বাচনে সেই ভোটের দিকে সব প্রার্থীরই নজর রয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বলেন, ভোটের শেষ মুহূর্তে এসে নানা সমীকরণে উৎসবমুখর পরিবেশ এলাকায়। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রার্থনা করছেন। আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে না পারায় কর্মী-সমর্থকরা নিশ্চুপ। প্রার্থীরা সেই নিশ্চুপ ভোটারদের সরব করতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।