স্টাফ রিপোর্টার।।
খুলনার বড় মির্জাপুর ক্রসরোড এলাকায় মঙ্গলবার যাত্রীবেশে এক দুর্বৃত্তের নৃশংস হামলায় গুরুতর আহত রিকশাচালক রনির এখনো জ্ঞান ফেরেনি। আহত রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে তার মাথায় সফল অস্ত্রোপচার করা হলেও এখনও তিনি সুস্থ বা সচেতন হননি।
পরিবারের সঙ্গে কথা বললে জানা যায়, রনি পেশায় একজন অটোরিকশা চালক ও মিস্ত্রি। প্রায় এক মাস আগে তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। দুর্ঘটনার দিন ফজরের নামাজের পর তিনি রিকশাটি গ্যারেজ থেকে বের করেন। সকাল সাড়ে ৯টার দিকে খবর আসে, দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রিকশাটি ছিনিয়ে নিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার পরামর্শ আসার পর তিনি দুপুরে ঢাকায় হাসপাতালে ভর্তি হন।
রনির স্ত্রী মুক্তা বলেন, “আমাদের সংসারে সাত বছরের ছেলে সন্তান রয়েছে। রনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্বৃত্তরা তাকে আহত করে রিকশা নিয়ে যাওয়ায় আমাদের সংসার এখন চরম সংকটে। সবাই দোয়া করবেন যেন রনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে।”
এদিকে খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে সন্ধ্যার পর রনির শ্বশুর থানায় আসার কথা রয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে রনির ছবি পাঠিয়ে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রনির পরিবারের উপর নেমে এসেছে অচেনা অন্ধকার; তাদের একমাত্র আশ্রয় এখন জনগণের সহানুভূতি ও দোয়া।











































