Home খেলাধুলা বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

6


ক্রীড়া ডেস্ক।।

সব জল্পনা-কল্পনার অবসান হলো। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। গতকাল রবিবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’

একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে এমন নাটকীয়তার শুরুটা হয়েছিল আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। তাকে কেন্দ্র করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভে নেমেছিল। সেই দাবির মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় মোস্তাফিজকে বাদ দেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। একজন ক্রিকেটার নিয়ে ভারতের এমন অবস্থানের পর স্বাভাবিকভাবেই পুরো জাতীয় দল, কোচিং স্টাফ ও সমর্থক-সাংবাদিকদের নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা জানায় বাংলাদেশ।

তাদের দাবি ছিল, নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যেন শ্রীলংকায় সরিয়ে নেওয়া হয়। কিন্তু আইসিসি তাতে সাড়া না দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার কারণে বেঁকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা সরকারের সঙ্গে বিশ্বকাপ বর্জন নিয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট দল।