Home আঞ্চলিক প্রাণবন্ত উপস্থাপনা ও সময়োপযোগী স্লোগানে সমাবেশস্থল হয়ে ওঠে মুখর ও উদ্দীপনাময়

প্রাণবন্ত উপস্থাপনা ও সময়োপযোগী স্লোগানে সমাবেশস্থল হয়ে ওঠে মুখর ও উদ্দীপনাময়

25

স্টাফ রিপোর্টার।।
দীর্ঘ ২২ বছর পর খুলনায় এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশের সঞ্চালনার দায়িত্ব পালন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, তরুণ তুর্কি শফিকুল আলম তুহিন। শুরু থেকেই তার প্রাণবন্ত উপস্থাপনা ও সময়োপযোগী স্লোগানে সমাবেশস্থল হয়ে ওঠে মুখর ও উদ্দীপনাময়।

সমাবেশ চলাকালে তুহিনের নেতৃত্বে দেওয়া স্লোগানগুলো উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একের পর এক স্লোগানে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তাল পরিবেশ। জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগানে স্লোগানে পুরো প্রভাতী মাঠ রূপ নেয় গণজোয়ারে।

দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানকে কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যে আবেগ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই জাতীয় ও দলীয় পতাকা হাতে সমাবেশস্থলে অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে খালিশপুরসহ আশপাশের এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বক্তব্যকালে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।