সৈয়দ হুমায়ূন কবির
আজ থেকে প্রায় ২৭ বছর আগে সর্বপ্রথম খুলনায় প্রথম সফরে এসেছিলেন বিএনপির বতর্মান চেয়ারম্যান তারেক রহমান। সময়টা ছিল ১৯৯৯ সাল। সামাজিক কার্যক্রমে অংশ নিতে সেই সময়ে দুই দিনের সফরে এসে উঠেছিলেন বর্তমান খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহম্মদ আলী আসগর লবীর বাসভবনে। বর্তমান বিএনপি প্রধান খুলনায় আসার পরের দিন সফর করেন খুলনার দিঘলিয়া উপজেলার ভৈরব নদের পাড়ের সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন। সেই যাত্রায় তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন খুলনা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক এমপি এম নুরুল ইসলাম দাদু ভাই।
তারেক রহমানের সেই প্রথম সফরের সুনিদিষ্ট দিন ও সময় উল্লেখ না করে বিষয়টির স্মৃতিচারণ করেন মোহাম্মদ আলী আসগর লবী। তিনি বলেন, তারেক রহমান সব সময়ই সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পছন্দ করেন। তারই ধারাবাহিতায় তিনি খুলনায় এসেছিলেন।
বিএনপির নেতারা জানান, তারেক রহমান তারেক রহমানের খুলনার পরবর্তী সফর ছিল ২০০১ সালের ২১ সেপ্টেম্বরে। তখন তিনি খুলনা-২ আসনে বিএনপির তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খুলনায় আসেন। তিন দিনের সেই সফরেও তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীর বাসভবনে। তিনি ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় ব্যাপক গণসংযোগ করে ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। যা এখনো নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। আর সর্বশেষ ২২ বছর আগে খুলনা সফরে এসেছিলেন তারেক রহমান ২০০৪ সালে। সেই সময়ে তিনি দলের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।
আগামীকাল (সোমবার) ২২ বছর পর আবারো তাঁর খুলনায় আগমন হতে যাচ্ছে ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ। যা উদ্দীপ্ত করেছে সব শ্রেণি-পেশার মানুষের মাঝে। ২৭ বছরের আগের তারেক রহমান ছিলেন একজন সাধারণ জীবন-যাপনের যুবনেতা। আজ এক পরিণত রাজনীতিবিদ।
এদিকে ঢাকা অফিস জানায়, উত্তরাঞ্চলের পর খুলনা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২রা ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। খুলনা পৌঁছে নগরীর প্রভাতী স্কুল মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। খুলনা থেকে হেলিকপ্টারযোগে যশোর যাবেন তারেক রহমান।
যশোর সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। যশোর থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন। এর আগে তিনদিনের প্রচারাভিযানে উত্তরাঞ্চল যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। শেষদিনে সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন তিনি।











































