স্পোর্টস ডেস্ক।।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে দশম আসরের। যদিও বাংলাদেশের বাদ পড়ার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাকে কেন্দ্র করে নাটকীয়তা চলছে। এরই মাঝে এই টুর্নামেন্টের মর্যাদা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তার স্পষ্ট কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপকে তিনি ‘আসল’ বিশ্বকাপের সমমানের মনে করেন না। এমনকি টুর্নামেন্টটির নাম বদলে ফেলারও পরামর্শ দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘন ঘন আয়োজন নিয়ে আপত্তি মাঞ্জরেকারের। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার কাছে ক্রিকেট বিশ্বকাপ মানে সব সময়ই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পর পর টি-টোয়েন্টি সংস্করণের যে টুর্নামেন্ট হয়, সেটিকে চার বছর পরপর আসা ওয়ানডে বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়।’
আইসিসিকে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মতে এই টুর্নামেন্টের প্রকৃত নাম হতে পারে দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।’
মাঞ্জরেকার যখন টি-টোয়েন্টির নাম নিয়ে প্রশ্ন তুলছেন, তখন আরেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন শঙ্কিত ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। তার মতে, টেস্ট ও টি-টোয়েন্টির চাপে ওয়ানডে ফরম্যাট এখন ‘স্যান্ডউইচ’ হয়ে পড়েছে।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ‘২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডের ভবিষ্যৎ সম্পর্কে আমি নিশ্চিত নই। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। টেস্ট ক্রিকেটের এখনও একটা শক্ত অবস্থান আছে, কিন্তু ওয়ানডের ক্ষেত্রে সেটা অনুভব করি না।’ তিনি আরও উল্লেখ করেন, ২০২৭ বিশ্বকাপই হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ আসর।
ঘরোয়া ক্রিকেটের উদাহরণ টেনে অশ্বিন বলেন, ‘আমি বিজয় হাজারে ট্রফির (ওয়ানডে) চেয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি) বেশি ফলো করি। দর্শকদের আগ্রহও এখন টি-টোয়েন্টির দিকেই। তবে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো তারকারা যখন বিজয় হাজারে ট্রফিতে ফেরেন, মানুষ তখন তা অনুসরণ করে। অর্থাৎ, ফরম্যাটের চেয়ে তারকারাই এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠেন।’









































