Home বিনোদন তবে কি দীপিকার পরিবর্তে সাই পল্লবী

তবে কি দীপিকার পরিবর্তে সাই পল্লবী

9

বিনোদন ডেস্ক।।


২০২৫ সালটা দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে যেন এক অদ্ভুত বাঁক নিয়ে এসেছিল। সাফল্যের উজ্জ্বল আলো আর বিতর্কের ছায়া পাশাপাশি চলেছে গত বছরজুড়ে। গত বছরের শুরুতেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল আলোচিত একটি ছবি থেকে বাদ পড়ার খবর দিয়েই চর্চা শুরু। এরপর সেই আলোচনার আগুনে আরও ঘি পড়ে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল ঘিরে তৈরি হওয়া জটিলতায়।

আট ঘণ্টা শুটিং করার শর্তে কাজ করতে চেয়েছিলেন দীপিকা; যা তাঁর মাতৃত্ব-পরবর্তী জীবনের একটি সচেতন সিদ্ধান্ত হিসেবেই দেখেছিলেন অনেকে। কিন্তু সেই শর্তই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে গুঞ্জন ছড়াতে থাকে, প্রশ্ন ওঠে তাঁর পেশাদারিত্ব নিয়েও। এখানেই থামেনি বিতর্ক।

ওটিটি প্ল্যাটফর্মে ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পাওয়ার পর ছবির ক্রেডিট থেকেও দীপিকার নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুরাগীরা। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে এমন আচরণ কি উচিত? এই প্রশ্নে সামাজিক মাধ্যমে সরব হন বহু মানুষ। এরই মাঝে ছবির সিকুয়েলে দীপিকার জায়গায় কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয় নতুন কৌতূহল।

এবার সেই কৌতূহলের জবাব মিলেছে বলেই দাবি করছে ভারতের একাধিক গণমাধ্যম। শোনা যাচ্ছে, দীপিকার পরিবর্তে ওই চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন সাই পল্লবী। যদিও এখন পর্যন্ত অভিনেত্রী বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা যায়, ‘কল্কি’র সিকুয়েলে প্রথম পছন্দ ছিলেন দীপিকাই। তদনুযায়ী শুটিংও শুরু করেছিলেন তিনি। প্রায় কুড়ি দিনের শুটিং শেষ করার পরই পারিশ্রমিক ও শিডিউল নিয়ে জটিলতা চরমে ওঠে। শেষ পর্যন্ত নির্মাতারা স্পষ্ট জানিয়ে দেন, এই ছবিতে আর থাকছেন না দীপিকা। তবে এখানেও গল্পের শেষ নয়। যেহেতু দীপিকা ইতোমধ্যেই ছবির একটি বড় অংশের শুটিং করে ফেলেছেন, তাই সিকুয়েলে সাই পল্লবীর প্রবেশ কীভাবে দেখানো হবে, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

কানাঘুষো বলছে, দীপিকার চরিত্রটিকে নাকি গল্পে মৃত হিসেবে দেখানো হতে পারে। যার মাধ্যমে নতুন চরিত্রের জায়গা তৈরি করা হবে। এসব উঠাপড়ার মাঝেও দীপিকাকে দেখা গেছে শান্ত, সংযত এক অবস্থানে। একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়লেও তিনি বেছে নিয়েছেন ভিন্ন এক অগ্রাধিকার। মাতৃত্বের যাত্রা। সন্তানকে সময় দেওয়া, নিজের জীবনকে নতুন করে সাজানোই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘কল্কি’র সিকুয়েল থেকে বাদ পড়ার পর এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘এই শর্ত নতুন কিছু নয়। আমি আগেও এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি সবসময় নিজের লড়াই নিজেই লড়তে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম হবে না।’ সম্ভবত দীপিকার এই কথাগুলোই ইঙ্গিত দিচ্ছে, ক্যারিয়ারের ঝড়ঝঞ্ঝা সত্ত্বেও দীপিকা পাড়ুকোন এখনও নিজের শর্তেই পথ হাঁটতে বিশ্বাসী। সময়ই বলে দেবে, এই অধ্যায় শেষে তাঁর জন্য অপেক্ষা করছে আর কতটা আলো।