Home স্বাস্থ্য যৌনাঙ্গে ছড়াচ্ছে ঘাতক পরজীবী, বিজ্ঞানীদের চরম সতর্কতা

যৌনাঙ্গে ছড়াচ্ছে ঘাতক পরজীবী, বিজ্ঞানীদের চরম সতর্কতা

46
ত্বক ভেদ করে শরীরে ঢোকা এই পরজীবী বহনকারী রোগীদের কীভাবে চিকিৎসা দিতে হবে, তা এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

খুলনাঞ্চল রিপোর্ট।।


কল্পনা করুন এমন এক পরজীবীর কথা, যা কোনো কাটাছেঁড়া ছাড়াই স্রেফ আপনার ত্বক ভেদ করে শরীরের ভেতর ঢুকে পড়তে পারে। এরপর রক্তনালিতে ঘাপটি মেরে বসে থেকে নিঃশব্দে বংশবিস্তার করে শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন: লিভার, ফুসফুস ও যৌনাঙ্গকে করে তোলে পঙ্গু।


চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘স্কিস্টোসোমিয়াসিস’ নামক এই রোগটি সাধারণ মানুষের কাছে ‘স্নেইল ফিভার’ বা ‘শামুক জ্বর’ নামে পরিচিত। নীরব এই ঘাতক এখন বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য এক বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

ত্বকই যখন প্রবেশের পথ

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পরজীবীর লার্ভা মূলত মিষ্টি পানিতে বিশেষ ধরনের শামুকের শরীরে বেড়ে ওঠে। যখনই কোনো মানুষ সেই পানির সংস্পর্শে আসে, লার্ভাগুলো বিশেষ এক ধরনের এনজাইম নিঃসরণ করে মানুষের চামড়া গলিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা শরীরে। পূর্ণবয়স্ক হয়ে এগুলো রক্তনালিতে ডিম পাড়তে শুরু করে। এই ডিমগুলোই শরীরের টিস্যুতে আটকে গিয়ে মারাত্মক সংক্রমণের সৃষ্টি করে।

বছরের পর বছর থাকে অজানা

স্নেইল ফিভারের সবচেয়ে ভয়ংকর দিক হলো, এটি শরীরে বছরের পর বছর থাকলেও কোনো লক্ষণ প্রকাশ না-ও করতে পারে। অনেক ক্ষেত্রে পেটে ব্যথা বা সাধারণ অসুস্থতা মনে হলেও ভেতরে ভেতরে তা ক্যানসার বা অঙ্গহানির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রতিবছর প্রায় ২৫ কোটি মানুষ এই রোগের চিকিৎসা নেন, যাদের বড় অংশই আফ্রিকার বাসিন্দা। তবে বর্তমানে চীন, ভেনেজুয়েলা ও ইন্দোনেশিয়াসহ ৭৮টি দেশে এই রোগের বিস্তার পাওয়া গেছে।

যৌনাঙ্গে সংক্রমণ ও বন্ধ্যত্বের ঝুঁকি

সাম্প্রতিক গবেষণায় ‘হাইব্রিড’ বা উচ্চ ক্ষমতাসম্পন্ন কিছু নতুন প্রজাতির পরজীবীর সন্ধান মিলেছে। এগুলো মানুষের যৌনাঙ্গে সংক্রমণ ঘটিয়ে ক্ষত সৃষ্টি করে, যা অনেক সময় যৌনবাহিত রোগ ভেবে ভুল করা হয়। এর ফলে নারীদের ক্ষেত্রে বন্ধ্যত্ব এবং পুরুষদের ক্ষেত্রেও শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

মালাউই-লিভারপুল ওয়েলকাম ক্লিনিক্যাল রিসার্চ প্রোগ্রামের সহযোগী পরিচালক ও বিশেষজ্ঞ অধ্যাপক জানেলিসা মুসায়া জানান, এই পরজীবী প্রজননতন্ত্রে এমনভাবে ক্ষত তৈরি করে যা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না। এর ফলে নারীরা বন্ধ্যত্বের শিকার হন এবং এইচআইভি সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অনেকে একে সাধারণ যৌনরোগ ভেবে ভুল করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

জলবায়ু পরিবর্তনে আরও শক্তিশালী হচ্ছে ঘাতক

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অবাধ চলাচলের কারণে এই পরজীবী এখন দক্ষিণ ইউরোপের মতো নতুন নতুন অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। আগের চেয়েও শক্তিশালী এই ‘হাইব্রিড’ পরজীবীগুলোকে প্রচলিত মাইক্রোস্কোপিক পরীক্ষায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্কিস্টোসোমিয়াসিস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান ডা. আমাদু গারবা জিরমে এই পরিস্থিতিকে ‘বৈশ্বিক উদ্বেগ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন এবং মানুষের ভ্রমণের কারণে এই পরজীবী এখন চীন, ভেনেজুয়েলা, এমনকি দক্ষিণ ইউরোপের মতো নতুন নতুন অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩০ জানুয়ারি ‘ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে’ পালন করছে। লক্ষ্য হলো–স্নেইল ফিভারের মতো যে রোগগুলো সাধারণত দরিদ্র অঞ্চলের মানুষকে আক্রান্ত করে, সেগুলোর দিকে বিশ্ববাসীর নজর ফেরানো। যদিও ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে এই রোগের সংক্রমণ ৬০ শতাংশ কমানো সম্ভব হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে গবেষণার জন্য প্রয়োজনীয় তহবিল কমে যাওয়ায় এই অগ্রগতি হুমকির মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে দূষিত পানির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের নিয়মিত অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ সেবন করতে হবে। সময়মতো চিকিৎসা না নিলে এই পরজীবী কেবল একটি অসুখ নয়, বরং দীর্ঘমেয়াদি মৃত্যুফাঁদে পরিণত হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা