Home আঞ্চলিক উৎসব সাথে ভোট, দাম নিয়ে অনিশ্চয়তায় গদখালীর ফুল চাষীরা

উৎসব সাথে ভোট, দাম নিয়ে অনিশ্চয়তায় গদখালীর ফুল চাষীরা

8


জহিরুল ইসলাম, ঝিকরগাছা
ফেব্রুয়ারি মাসকে দেশের ফুল বাজারের সবচেয়ে বড় মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সাথে এবার যুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। এসব অনুষ্ঠান সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গদখালীর ফুল চাষীরা। নির্বাচনে কোনরকম রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে পুরো ফুল বাজার নষ্ট হওয়ার শঙ্কার কথা বলছেন চাষীরা।
সরেজমিনে দেখা যায়, গদখালী, নাভারণ ও পানিসারা ইউনিয়নের মাঠ জুড়ে নানা রঙের ফুল ফুটে আছে। দুচোখ যেদিকে যায় গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস জারবেরা, গাধা ও চন্দ্রমল্লিকার মনোমুগ্ধকর গন্ধ ছড়িয়ে আছে। সবুজ পাতার ফাঁকে মাথা তুলে থাকা ফুলগুলো যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় মেতে উঠেছে।
ফুল চাষীদের এবারের ব্যস্ততা অন্য যেকোনো বছরের তুলনায় একটু ভিন্ন। কারণ এবার শুধু বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, সাথে যোগ হয়েছে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনে প্রার্থী বরণ, পথসভা, বিজয় মিছিলের ফুলের চাহিদা থাকে বেশি। দাম ভালো পাওয়া গেলে, গত বছরের মতো এবারও লাভের আশা করছেন ফুল চাষীরা। তবে নির্বাচনের প্রভাব পড়তে পারে ফুলের দামে। যদি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে নষ্ট হয়ে যেতে পারে ফুলের বড় মৌসুমের এই বাজার।
চাষীরা আশা করছেন, ফেব্রুয়ারিতে উৎসব এবং নির্বাচনে দাম ভালো দাম পাবেন, তবে দুশ্চিন্তা থেকেই যায়। ভোটের কারণে দাম ওঠা-নামার আশঙ্কা করছেন তারা। এদিকে ফুল চাষ ও সংরক্ষণে চাষীদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের তথ্যমতে, যশোরে এবার ৬৪১ হেক্টর জমিতে চাষ করা হয়েছে নানান জাতের ফুল।