Home আলোচিত সংবাদ টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলি, বাংলাদেশি দুই কিশোর আহত

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলি, বাংলাদেশি দুই কিশোর আহত

12

ঢাকা অফিস।।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত কিশোরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে যায়। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোঁড়া গুলিতে ওই দুই কিশোর গুলিবিদ্ধ হয়। তাদের মাথা, হাত ও পায়ে গুলি লেগেছে।

তিনি বলেন, তবে আঘাতের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়।

এর আগে ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোঁড়ার গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন। তার পরের দিন ওই এলাকায় মিয়ানমারের পোঁতা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক পা হারান।