স্টাফ রিপোর্টার।।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পূর্ব রূপসা এলাকার মীনা বাড়ি মোড়ে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মামুন অর রশিদ খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার বিষয়ে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, ঘটনার সময় মামুন অর রশিদ মীনা বাড়ি মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বাম কাঁধে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, কী কারণে এবং কারা এই গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।









































