Home খেলাধুলা সাবিনাকে নিয়ে গর্বিত তাবিথ

সাবিনাকে নিয়ে গর্বিত তাবিথ

5


স্পোর্টস রিপোর্টার

সাবিনা খাতুনের নেতৃত্বে ২০২২ সালে প্রথম মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২৪ সালেও বাংলাদেশ সাবিনার নেতৃত্বে সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। এবার ফুটসালেও বাংলাদেশ নারী দলকে প্রথম শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবিনা, ৬ ম্যাচে করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ গোল। কেবল গোল নয়, নিচ থেকে খেলা শুরু করে সাবিনা আসলে পুরো মাঠটাই নিয়ন্ত্রণ করেছেন প্রতি ম্যাচে। বারবার ওভার ল্যাপ করে উপরে উঠে আক্রমণ করেছেন, বলের জোগান দিয়েছেন, নিজেই গোলের চেষ্টা করেছেন। আবার নিচে নেমে এসে মূল ডিফেন্ডারের কাজটাও তিনিই পালন করেছেন। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে (ফুটবল ও ফুটসাল) দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সাবিনা বন্দনায় মেতেছেন সর্তীর্থরাও। সাবিনার প্রশংসা করে বাফুফে সভাপতি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য আরও বিস্তৃত করে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে বিশেষভাবে অভিনন্দন। বাংলাদেশের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে (ফুটবল ও ফুটসাল) দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনাকে নিয়ে আমরা গর্বিত।’ ২০২২ সালে নেপালের মাটিতে নেপালকে হারিয়ে নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই সেরা সেরা গোলদাতার পাশাপাশি সেরা ফুটবলার হন সাবিনা খাতুন। দুই বছর পর আবারও নেপালে বসে সাফের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা। কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্ধে জড়িয়েও সাফে নিজেদের সেরা ফুটবল উপহার দিয়ে শিরোপা ধরে রাখেন সাবিনা-কৃষ্ণারা। দেশে ফিরে একঝাঁক তারকা ফুটবলার কোচের ওপর নানা অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেন।

জটিলতার মেঘ কেটে যাওয়ার পর অনেক সতীর্থ পিটার বাটলারের অধীনে জাতীয় দলের কার্যক্রমে যুক্ত হয়েছেন। কিন্তু সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাসুরা পারভিন, মাতসুশিমা সুমাইয়ারা ছিলেন উপেক্ষিত। সেই উপেক্ষিত খেলোয়াড়দের স্থান হয় সাফ ফুটসাল দলে। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করলেও এরপর আর কেউ রুখতে পারেনি সাবিনাদের। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে মালদ্বীপকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। মেয়েদের পাশাপাশি ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। সেখানে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। বাংলাদেশ ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘বাংলাদেশ ইতিবাচকভাবে তাদের ফুটসাল-যাত্রা শুরু করেছে। আমাদের পুরুষ ও নারী দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমাদের দেশে প্রতিভা এবং জয়ের মানসিকতা রয়েছে।’