স্টাফ রিপোর্টার।।
খুলনা আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আইচগাতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. রেজাউল মুন্সী হৃদয় (ইমরান মুন্সীর ছেলে) ও মো. আলিফ হোসেন নয়ন (সাহাবুদ্দিন শেখের ছেলে)। তারা উভয়েই রূপসা থানার আইচগাতি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, অভিযানকালে আসামিরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কুড়াল ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল ও একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর খুলনা আদালত চত্বরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় এর আগে গত ১৭ ডিসেম্বর মামলার আরেক আসামি মো. ইজাজুল হোসেনকে গ্রেফতার করে র্যাব-৬ স্পেশাল কোম্পানি।










































