স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর বাগমারা মেইন রোডের আদর্শপল্লী এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাগমারা মেইন রোডের আদর্শ পল্লীর বিপরীত পাশে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে খুলনা সদর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে লাল টেপে মোড়ানো অবস্থায় প্রায় ১২টি ককটেল উদ্ধার করা হয়। পরে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিজেদের হেফাজতে নিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধারকৃত ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
পুলিশ আরও জানায়, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।










































