খুলনাঞ্চল রিপোর্ট।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আলমডাঙ্গার জুগীরহুদা গ্রামে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের নির্বাচনী প্রচারণার কাজে যান নারী সদস্যরা। আলমডাঙ্গা উপজেলার জুগীরহুদা গ্রামে জামায়াত ইসলামীর প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির পক্ষে আটজন এবং জামায়াত ইসলামীর পাঁচজন আহত হন।
বিএনপির পক্ষে আহতরা হলেন: আলমডাঙ্গা উপজেলার জুগীরহুদা গ্রামের মানিক মিয়া, মুক্তি খাতুন, রাব্বি, রিক্তা, হায়দার আলী বিশ্বাস, বিল্লালুর রহমান, আসাবুল ও লেমনী খাতুন। আহতরা সবাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াত ইসলামীর পক্ষের আহতরা হলেন: ওল্টু, মাসুদ, বাদশা, আরিফুল ও ইমরান। আহতরা আলমডাঙ্গা ও কুষ্টিয়া থেকে চিকিৎসা নিচ্ছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, আলমডাঙ্গা থেকে জরুরি বিভাগে আটজন নারী পুরুষ আসেন। তাদের চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে একটি ঘটনা ঘটেছে আলমডাঙ্গা জুগীরহুদা গ্রামে। কয়েকজন আহতও হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য।










































