Home খেলাধুলা অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তান দলে আফ্রিদি-বাবর

অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তান দলে আফ্রিদি-বাবর

4


স্পোর্টস ডেস্ক।।

হাঁটুর লিগামেন্টের চোটে গত মাসে বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকে ছিটকে যাওয়ার পর প্রথমবারের মতো পাকিস্তান দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে। তবে বাজে বিবিএল মৌসুম কাটালেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন বাবর আজম। কিন্তু অস্ট্রেলিয়ায় দুর্দান্ত সময় কাটালেও দলে ফিরতে পারেননি হারিস রউফ।

১৬ সদস্যের এই পাকিস্তান দলটি লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর দুই দলই ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রওনা দেবে।

চলতি মাসের শুরুতে শ্রীলংকার বিপক্ষে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স করা খাজা মোহাম্মদ নাফে দলে উইকেটকিপার হিসেবে জায়গা ধরে রেখেছেন। এছাড়া দলে আছেন উসমান খানও। স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ, উসমান তারিক, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। পেস আক্রমণে শাহিন আফ্রিদির সঙ্গে থাকছেন সালমান মির্জা, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ।

বিবিএলে ব্যর্থতার কারণে বাবর আজমের দলভুক্তি নিয়ে ব্যাপক জল্পনা ছিল। ১১ ইনিংসে ২০২ রান করেছিলেন তিনি, স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৩.০৬-যা বিবিএলের ইতিহাসে ২০০-এর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বনিম্ন। এক গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থ স্টিভেন স্মিথ শেষ বলে এক রান নিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে বিরক্ত হন বাবর। পরে সমঝোতা হলেও পরের দুই ইনিংসে বাবর করেন মাত্র এক রান। প্রতিযোগিতা চলাকালেই তিনি দেশে ফিরে আসেন। আনুষ্ঠানিকভাবে বলা হয় জাতীয় দলের দায়িত্বে ফেরানো হয়েছে, তবে মার্ক ওয়াহসহ অনেকেই তাকে সিক্সার্সের একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন।

অন্যদিকে হারিস রউফ ছিলেন বিবিএলের সর্বোচ্চ উইকেটশিকারি, শুক্রবার পর্যন্ত তার উইকেট ছিল ২০টি। তবে পাকিস্তানের হয়ে সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ দিকে ব্যয়বহুল বোলিং করে ম্যাচ হারানোর পর থেকেই নির্বাচকদের পছন্দের তালিকায় অনেকটা নিচে নেমে গেছেন তিনি।

এই দলটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের চূড়ান্ত দল হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপের দলে জায়গা পেতে খেলোয়াড়দের জন্য এটিই শেষ সুযোগ হতে পারে। এখনও পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে দেরি করা দলগুলোর একটি পাকিস্তান। টুর্নামেন্টে তারা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি, কলম্বোয়-প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফরহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।