Home Lead প্রচার যুদ্ধে প্রার্থীরা: প্রার্থীতায় বিএনপি শীর্ষে, খুলনায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস

প্রচার যুদ্ধে প্রার্থীরা: প্রার্থীতায় বিএনপি শীর্ষে, খুলনায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস

146


স্টাফ রিপোর্টার
।।


প্রতীক বরাদ্দ পেয়ে আজ বৃহস্পতিবার থেকে ভোটযুদ্ধে নামছেন প্রার্থীরা। গতকাল সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে তারা শুরু করেন প্রচারের প্রস্তুতি। রাত বারোটার পর থেকেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার কার্যক্রম শুরু হয়ে যায় অনলাইনে। আজ সকাল থেকে তারা আনুষ্ঠানিক প্রচারে নামবেন। নির্বাচনী প্রচারণা শুরু করতে গতকাল রাতেই সিলেট পৌঁছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাজার জিয়ারত ও দলীয় সভার মাধ্যমে সিলেট থেকে তিনি দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। একই দিন সাতটি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। জামায়াত আমীর তার দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন রাজধানী থেকে। একই দিন তিনি উত্তরাঞ্চলের ৫ টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।


নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ৯৭২ জন। সীমানা জটিলতার কারণে পিছিয়ে থাকা পাবনার দু’টি আসনে এখনো প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলছে। পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ইসলামী দল, বাম দল এবং স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এতে নির্বাচনী মাঠ হয়ে উঠেছে বহুমাত্রিক ও অনিশ্চিত।


নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ২৮৮ জন। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪ জন এবং জাতীয় পার্টি (জাপা) ১৯২ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৪৯ জন, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যম সারির দলগুলোর মধ্যে গণঅধিকার পরিষদ (৯০ জন), কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ-সিপিবি (৬৫ জন), বাসদ (৩৯ জন) এবং মার্কসবাদী দল (২৯ জন) উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী দিয়েছে। অন্যদিকে ছোট দলগুলোর অনেকেই এক অঙ্কের প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজধানীকেন্দ্রিক রাজনীতি ও আসন সংখ্যার আধিক্যের কারণে এখানেই সবচেয়ে তীব্র প্রতিযোগিতার আভাস মিলছে। এরপর রয়েছে কুমিল্লা অঞ্চলে ২৬৭ জন, রংপুর বিভাগে ২৩৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৩১ জন।


খুলনা বিভাগে প্রার্থী সংখ্যা ২০১ জন, রাজশাহী বিভাগে ১৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫২ জন এবং বরিশাল বিভাগে তুলনামূলক কম ১২৪ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া ফরিদপুর অঞ্চলে ১১৪ জন এবং সিলেট অঞ্চলে ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আচরণবিধি: নির্বাচনী প্রচার-প্রচারণায় কী করা যাবে, আর কী করা যাবে না-সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে আচরণবিধিতে। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অপচনশীল দ্রব্য দিয়ে ব্যানার, লিফলেট ও ফেস্টুন তৈরি করা যাবে না। পলিথিন বা প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানারে নিজের প্রতীক ও ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। তবে কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত হলে তিনি তার বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন, যা অবশ্যই পোর্ট্রেট আকারের হতে হবে। এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট কিংবা প্রার্থীর পক্ষে অন্য কেউ প্রচার চালাতে পারবেন। তবে শর্ত হলো- প্রচারণা শুরুর আগে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না। এ ছাড়া ভোটের স্বার্থে ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের আগে তার সত্যতা যাচাই করতে হবে। ভোটারদের বিভ্রান্ত করা, নারী-পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্রহনন বা সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল বা মানহানিকর তথ্য তৈরি, প্রকাশ বা প্রচার করা নিষিদ্ধ। এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে জনসভা বা প্রচারণা; সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার; নির্বাচনের দিন ও প্রচারকালীন সময়ে ড্রোন ব্যবহার করা যাবে না। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন/তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।


ঢাকায় বহুমুখী লড়াই: ঢাকা বিভাগে বিএনপি দিয়েছে ৩৯ জন প্রার্থী, ইসলামী আন্দোলন ৩৬ জন, জামায়াতে ইসলামী ২৫ জন এবং জাপা ৩০ জন। এখানে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন ৩৪ জন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ঢাকায় ত্রিমুখী ও কোথাও কোথাও চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।


খুলনা ও রাজশাহীতে ত্রিমুখী প্রতিযোগিতা:খুলনা বিভাগে বিএনপির ৩৬ জন, জামায়াতের ৩৫ জন এবং ইসলামী আন্দোলনের ৩১ জন প্রার্থী থাকায় এখানে তীব্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। অন্যদিকে রাজশাহী বিভাগে বিএনপি৩৮ জন, জামায়াত ৩৪ জন এবং ইসলামী আন্দোলন ৩০ জন প্রাথী দিয়ে শক্ত অবস্থান নিয়েছে।


উত্তরাঞ্চলে জাপার প্রভাব: রংপুর বিভাগে জাপার ঐতিহাসিক প্রভাব এখনও দৃশ্যমান। এখানে জাপার ২৮ জন, বিএনপির ৩২ জন এবং ইসলামী আন্দোলনের ২৯ জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি ৪০ জন স্বতন্ত্র প্রার্থী থাকায় এই অঞ্চলে ভোটের হিসাব জটিল হয়ে উঠতে পারে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, এবারের নির্বাচন শুধু কয়েকটি বড় দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। অঞ্চলভেদে ইসলামী দল, বাম দল এবং বিপুলসংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ ভোটের ফলাফলকে অনিশ্চিত ও বহুমুখী করে তুলতে পারে। নির্বাচনী প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে ভোটের দিন স্থানীয় সমীকরণ ও ভোটার উপস্থিতির ওপর।


শুরু হলো পোস্টাল ব্যালটে ভোটদান: প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান। ২৫শে জানুয়ারির মধ্যে ভোট দিয়ে প্রবাসীদের পোস্টাল ব্যালট পোস্ট অফিসে দিতে হবে। এবার, ভোট দিতে নিবন্ধন করেছে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী। এ বিষয়ে বুধবার ইসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামী ২৫শে জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। এজন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫শে জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।