Home আঞ্চলিক খুমেক হাসপাতালে আহত যুবক আলামিনকে ঘিরে রহস্য, বিস্ফোরক জড়িত থাকার আশঙ্কা

খুমেক হাসপাতালে আহত যুবক আলামিনকে ঘিরে রহস্য, বিস্ফোরক জড়িত থাকার আশঙ্কা

139


স্টাফ রিপোর্টার।।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হওয়া যুবক আলামিনকে (২৪) ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। আড়ংঘাটা থানার চাপালি এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনার বিষয়ে এখনো মুখ খুলছেন না আলামিন। তার অসংলগ্ন ও এলোমেলো বক্তব্যের কারণে ঘটনাটি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আহত আলামিনের পিতার নাম চানঁমিয়া। তিনি খুলনা জেলার তালিমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আড়ংঘাটা থানাধীন চাপালি এলাকা থেকে এক জনৈক অ্যাম্বুলেন্স চালক আলামিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কীভাবে, কখন এবং কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন-সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, আলামিনের ডান পায়ের গোড়ালির উপরের অংশে বড় ও গভীর ক্ষত রয়েছে। ক্ষতের ধরন স্বাভাবিক দুর্ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে চিকিৎসকদের ধারণা। আহত অবস্থায় আলামিন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তার কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন,
আলামিনের ডান পায়ের গোড়ালির উপরে বড় ধরনের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
তিনি আরও জানান, আহত ব্যক্তির বক্তব্য অস্পষ্ট হওয়ায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে আশপাশের এলাকার স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। বিস্ফোরক জড়িত থাকার আশঙ্কা থাকায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে আশা করছে পুলিশ।
এদিকে আলামিনের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।