স্টাফ রিপোর্টার||
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী মাঠে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী সুনীল শুভ রায় প্রতীক বরাদ্দের আগেই ১২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে আচরণবিধি ভঙ্গ করেছেন—এমন অভিযোগ উঠেছে। এছাড়াও খুলনা অঞ্চলে বিভিন্ন প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের চিত্র পত্রিকার পাতায় আসলেও নির্বাচন সংশ্লিষ্টরা কর্তা ব্যক্তিরা তা দেখছেন না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুনীল শুভ রায় আনুষ্ঠানিকভাবে তার ১২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। অথচ নির্বাচন কমিশনের আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রতীক বরাদ্দের দিন রিটার্নিং অফিসারের উপস্থিতিতে এবং সব প্রার্থীর সম্মিলিত মঞ্চে ইশতেহার ঘোষণা করা যাবে। এর আগে ইশতেহার ঘোষণা কোনোভাবেই বৈধ নয়।
নির্বাচনি আচরণবিধির ২৪ নম্বর ধারায় বলা হয়েছে—প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণা নিশ্চিত করতে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার সব প্রার্থীর উপস্থিতিতে একই মঞ্চে নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু সেই বিধান উপেক্ষা করেই সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণার মাধ্যমে কার্যত নির্বাচনি প্রচারে নামেন সংশ্লিষ্ট প্রার্থী।
এ বিষয়ে খুলনা-১ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার বলেন, “প্রতীক বরাদ্দের আগে ইশতেহার ঘোষণা করা সরাসরি আচরণবিধিমালা লঙ্ঘন। কেউ যদি এর আগে ইশতেহার ঘোষণা করে, তাহলে ধরে নিতে হবে তিনি আচরণবিধি পড়েননি বা জানেন না। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায়, সংবাদ প্রকাশের ভিত্তিতে তাকে ডেকে এনে আচরণবিধি সম্পর্কে অবহিত করা হতে পারে।”
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের আরও স্পষ্টভাবে বলেন, “আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার করা যাবে না। ইশতেহার ঘোষণাও নির্বাচনি প্রচারেরই অংশ। সুতরাং এটি আচরণবিধির পরিপন্থী।”
এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ ও সিনিয়র সাংবাদিকরা। খুলনার সিনিয়র সাংবাদিক ও সনাক খুলনার সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যেন ‘অন্ধকারে কালো বিড়াল খোঁজার’ মতো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের অপেক্ষায় বসে আছে। অথচ কমিশনের চোখের সামনেই হরহামেশা আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আসনভিত্তিক একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকলেও তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। পত্রিকায় খবর প্রকাশ হলে কেবল নামমাত্র সতর্ক করা হচ্ছে। কাগজে-কলমে নিয়মনীতি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। এতে করে ১২ ফেব্রুয়ারির নির্বাচন কতটা প্রভাবমুক্ত হবে—সে শঙ্কা থেকেই যাচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন সুনীল শুভ রায় নিজেই। তিনি বলেন, “প্রতিনিয়তই অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা কেউই কারও বিরুদ্ধে অভিযোগ করছি না। আজ যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি প্রতীক বরাদ্দের দিন পত্রিকায় প্রকাশ হবে। আমি এর মাধ্যমে কোনো নির্বাচনি প্রচার করিনি।” উল্লেখ্য, জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সুনীল শুভ রায় এবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে খুলনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দের আগেই ইশতেহার ঘোষণার ঘটনা খুলনা অঞ্চলে নির্বাচনি আচরণবিধি প্রয়োগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে কি না—সে প্রশ্নের উত্তর এখন নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে।











































