ঢাকা অফিস।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, কমিশন যোগ্যতার সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে।
গতকাল সোমবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকা- তুলে ধরে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।
তিনি বলেন, আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি, কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
জিয়াউর রহমানের স্মৃতিচারণা করে বিএনপির মহাসচিব বলেন, তিনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ‘বটমলেস বাস্কেট’ অভিহিত হওয়া বাংলাদেশকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি শপথ নিয়েছে। এ শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সব অঙ্গসংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবে—এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে।
শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।











































