স্টাফ রিপোর্টার।।
সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত ৫ জেলের মধ্যে ২ জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ওই বাহিনী শেলারচর এলাকা থেকে একটি ফিশিং ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করেছে। মুক্তিপণ হিসেবে বনদস্যুরা জনপ্রতি ১ লাখ টাকা করে দাবি করেছে।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দুবলারচরের কাছে আমবাড়ীয়া এলাকা থেকে ২ জেলেকে অপহরণ করেছিল দস্যুরা। ফিরে আসা জেলেরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের আ. কাদের (৩৫) ও খোন্তাকাটা গ্রামের রবিউল মোল্লা (৩০)।
পাথরঘাটার ট্রলার মহাজন শহিদ নাজির জানান, শনিবার বিকেলে বনদস্যুদের দেয়া দুটি বিকাশ নম্বরে ১ লাখ ২০ হাজার টাকা পাঠানোর পর দস্যুরা জেলেদের ছেড়ে দেয়। আজ রোববার সকালে তারা শেলারচরে ফিরে আসেন।
এদিকে, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শেলারচরের কালামিয়া এলাকায় মাছ ধরার সময় আবারো হামলা চালায় জাহাঙ্গীর বাহিনী। মৎস্য ব্যবসায়ী শেখ নুরুল হক জানান, তার একটি ট্রলারে ৮ জন জেলে মাছ ধরছিলেন। দস্যুরা নৌকায় করে এসে জেলেদের মারধর করে ৩ জনকে অন্য নৌকায় তুলে দিয়ে বাকি ৫ জেলেকে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত ৫ জেলে হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার বাশতলী এলাকার কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)।
বনদস্যুরা যাওয়ার সময় তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে এবং ৫ জেলের মুক্তির বিনিময়ে সর্বমোট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, ৫ জেলে অপহরণ এবং ২ জন মুক্তিপণ দিয়ে ফিরে আসার বিষয়টি তিনি শুনেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং সুন্দরবনে টহল জোরদার করার প্রক্রিয়া চলছে।











































