Home আঞ্চলিক কোকোর নাম বিকৃতির অভিযোগ: আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হচ্ছে

কোকোর নাম বিকৃতির অভিযোগ: আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হচ্ছে

345


স্টাফ রিপোর্টার।।


ওয়াজ মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মামলা দায়ের করা হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) মামলাটি আদালতে দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


মামলার বাদী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খুলনা মহানগরীর সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি জানান, একটি ধর্মীয় ওয়াজ মাহফিলের মতো পবিত্র মঞ্চে দাঁড়িয়ে আমির হামজা প্রকাশ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, যা শুধু একটি পরিবারের প্রতি চরম অসম্মান নয়-বরং ধর্মীয় শালীনতা, সামাজিক মূল্যবোধ ও মানবিক আচরণের পরিপন্থী। একজন ইসলামি বক্তার কাছ থেকে এমন অশালীন ও কাণ্ডজ্ঞানহীন ভাষা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না।


তিনি আরও বলেন, “আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি একজন প্রয়াত মানুষ। তাঁকে নিয়ে কটাক্ষ ও বিদ্রুপ করা মানবিকতা ও সভ্যতার সীমা অতিক্রম করেছে। এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং ঘৃণার রাজনীতিকে উসকে দেয়। তাই আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”


মামলার আইনজীবী জানান, মামলার সকল আইনি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার খুলনার সংশ্লিষ্ট আদালতে মামলাটি নথিভুক্ত করা হবে। তিনি বলেন, “মৃত ব্যক্তির সম্মানহানিকর বক্তব্য আইনত দণ্ডনীয়। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”


এদিকে ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, ধর্মীয় মাহফিলকে ব্যবহার করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো এবং প্রয়াত ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


উল্লেখ্য, প্রয়াত আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজন পরিচিত সংগঠক ছিলেন। তাঁর নাম নিয়ে প্রকাশ্যে বিদ্রুপ করার ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আদালতে দায়ের হতে যাওয়া এই মামলা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।