স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ালশ ইতিমধ্যেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন।
টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়া কোর্টনি ওয়ালশ এর আগে বাংলাদেশ পুরুষ দলের বিশেষায়িত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের সঙ্গেও তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত ছিলেন।
নিয়োগের পর প্রতিক্রিয়ায় ওয়ালশ বলেন, ‘আমরা যদি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, দল হিসেবে একসঙ্গে কাজ করি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে আমাদের ভালো করার দারুণ সুযোগ আছে। দলটির বোলিং আক্রমণের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে এখানকার সম্ভাবনাগুলো।’
সিকান্দার রাজা অধিনায়কত্বাধীন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পেস আক্রমণে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা ও টিনোটেন্ডা মাপোসা। অলরাউন্ডার হিসেবে সিম বোলিংয়ে আছেন ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া। স্পিন বিভাগে অভিজ্ঞ শক্তি হিসেবে রয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার ও সিকান্দার রাজা।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানান, ওয়ালশের এই নিয়োগের মূল লক্ষ্য বোলারদের দক্ষতা উন্নয়ন ও পরামর্শ দেওয়ার সক্ষমতাকে কাজে লাগানো। তিনি বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে এমন একজনকে যুক্ত করা জরুরি ছিল, যিনি বৈশ্বিক মঞ্চে সাফল্যের পথ ভালোভাবে জানেন। কোর্টনির জ্ঞান, পেশাদারিত্ব ও খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষমতা আমাদের বোলিং শক্তিকে আরও ধারালো করে তুলবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান এবং টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলংকা। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলংকায়-কলম্বোর দুটি ভেন্যু ও পাল্লেকেলেতে একটি ম্যাচ। ২০২৪ সালের আসরে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর এবারের বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।











































