স্পোর্টস ডেস্ক
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বুলাওয়েতে শনিবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ক্রিকেট নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা এ ম্যাচেও দেখা যাচ্ছে।
চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে টসের সময় ভারতের অধিনায়ক আয়ুষ মাথরে ও বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার একে অপরের সঙ্গে হাত মেলাননি। যা ম্যাচের আগেই আলোচনার জন্ম দেয়।
টসের সময় আয়ুষের হাতেই ছিল কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার নির্দেশ দেওয়ার পর তিনি শূন্যে কয়েন ছুড়ে দেন। আবরার ‘টেল’ ডাকেন এবং কয়েন মাটিতে পড়ার পর রেফারি ঘোষণা করেন, টস জিতেছে বাংলাদেশ। ঘোষণার পরই আয়ুষ সরে যান, বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে কোনো করমর্দন না করেই।
একইভাবে আবরারের দিক থেকেও হাত মেলানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় উপস্থিত থাকতে না পারায় সহ-অধিনায়ক হিসেবেই আবরার টস করতে যান।
এই ঘটনা নতুন নয়। এর আগে এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় ভারতের অন্য ক্রিকেটারদের মধ্যেও পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে চলার প্রবণতা দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে অনূর্ধ্ব–১৯ ও নারী ক্রিকেটেও ভারত–পাকিস্তান ম্যাচে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবার সেই ধারা ভারত–বাংলাদেশ ক্রিকেটেও দেখা গেল, আর শুরুটা হলো বয়সভিত্তিক ক্রিকেট থেকেই।
পেহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে পাক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটীয় সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমারেরা। এমনকি এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকেও ট্রফি গ্রহণ করেননি তিনি। সেই রাজনৈতিক প্রেক্ষাপটের রেশ এবার পড়েছে ভারত–বাংলাদেশ সম্পর্কেও।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা স্পষ্ট। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার, যা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চলছে টানাপোড়েন।
এই প্রেক্ষাপটে ছোটদের বিশ্বকাপে ভারত–বাংলাদেশ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল বাড়তি। টসের সময় করমর্দন না করে আয়ুষ মাত্রে যেন স্পষ্টভাবেই ভারতীয় শিবিরের কঠোর অবস্থানের বার্তা দিয়ে দিলেন-যার প্রতিধ্বনি শোনা গেল ২২ গজের বাইরেও।
টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করে। ম্যাচের শুরুতেই পরপর দুই বলে আল ফাহাদা আউট করেন আয়ুষ মাথরে ও বেদান্ত ত্রিবেদীকে। ফলে প্রথম তিন ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
চার ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২২ রান। তখন ক্রিজে রয়েছেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ও ভিহান মালহোত্রা। এটি ভারতের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। এর আগে প্রথম ম্যাচে তারা যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছিল।











































