স্পোর্টস ডেস্ক।।
ইনিংসের শেষ ওভারে রাকিবুল হাসানের বলে ৩টি ছক্কা হাঁকালেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে লক্ষ্যটা ছিল ৬ বলে ৩১! তাই আর জেতা হলো না ঢাকা ক্যাপিটালসের। এ জয়ে রংপুর রাইডার্স প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। তবে হেরে যাওয়া ঢাকা লিগ পর্ব থেকে বিদায় নিল।
শনিবার বিপিএলের ২৭তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর দাউদ মালান ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি ঢাকা।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপঅর্ডারদের ব্যর্থতার পর হাল ধরেন ৭ নম্বরে নামা সাইফউদ্দিন। তিনি শেষ পর্যন্ত ৩০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার উসমান খান ১৮ বলে ৩১ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৫ রান করেন।
রংপুর বোলারদের মধ্যে ৩টি উইকেট পান নাহিদ রানা। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দেন। ২টি উইকেট দখল করেন ফাহিম আশরাফ।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ১২৬ রান তোলেন মালান ও হৃদয়। মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৮ করেন তাসকিন আহমেদের বলে বোল্ড হন। আর হৃদয় ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬২ রান করে মারুফ মৃধার বলে আউট হন। এছাড়া কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান করেন।
ঢাকার সাইফউদ্দিন ২টি উইকেট লাভ করেন।
৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে, তবে শেষ চারের সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।











































