Home বিনোদন খুলনায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী সৃজনশীল যাত্রা উৎসব

খুলনায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী সৃজনশীল যাত্রা উৎসব

46

স্টাফ রিপোর্টার।।


যাত্রার গান, সংলাপ আর আবেগে আবার মুখর হতে যাচ্ছে খুলনা। অসচ্ছল যাত্রাশিল্পীদের সহায়তা এবং লোকজ বিনোদনের ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতির আয়োজনে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “সৃজনশীল যাত্রা উৎসব–২০২৬”। শিল্পকলা একাডেমির সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। আগামী ২৫ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রা মঞ্চস্থ হবে। দর্শকদের জন্য প্রবেশের সৌজন্য মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা।

আয়োজকরা জানান, উৎসবজুড়ে দর্শকরা উপভোগ করতে পারবেন সময়নির্ভর ও জনপ্রিয় যাত্রাপালা। উৎসবে পালাকার রঞ্জন দেবনাথের রাজমহল অপেরা পরিবেশন করবে “মেঘে ঢাকা তারা”। পালাকার সামছুল হকের শ্রীগুরু নাট্য সম্প্রদায় মঞ্চে আনবে “সাগর ভাসা”। পালাকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের মা প্রতিমা শ্রীকৃষ্ণ নাট্য সংস্থা উপস্থাপন করবে রসাত্মক যাত্রা “থানায় যাচ্ছে ছোট বউ”।


এছাড়া পালাকার রঞ্জন দেবনাথের প্রভাত অপেরা পরিবেশন করবে সমাজবাস্তবতায় ভরপুর “নীচুতলার মানুষ” এবং পালাকার আগন্তকের রাজদূথ অপেরা মঞ্চস্থ করবে রহস্য ও আবেগঘন “নিহত গোলাপ”।

আয়োজকরা বলেন, এই উৎসব শুধুই বিনোদন নয়—এটি যাত্রাশিল্পীদের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। কম সৌজন্য মূল্যে দর্শকদের অংশগ্রহণ যাত্রাশিল্পের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

লোকজ সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য তাই খুলনা শিল্পকলা একাডেমি আগামী কয়েকদিন হয়ে উঠবে ঐতিহ্য, আবেগ আর বিনোদনের মিলনমেলা।