Home আলোচিত সংবাদ নতুন রাজনৈতিক প্ল্যাটফরমের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফরমের আত্মপ্রকাশ

10


স্টাফ রিপোর্টার

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া বাম ও মধ্যপন্থি মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফরম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) আত্মপ্রকাশ করেছে। প্ল্যাটফরমটির তিনজন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে এনপিএ’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।


সেখানে কাউন্সিল সদস্যদের নাম ঘোষণা করেন এনপিএ’র কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল মামদূহ। নতুন এই রাজনৈতিক প্ল্যাটফরমের তিন মুখপাত্র হলেন- ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত। ফেরদৌস আরা রুমী ও তুহিন খান লেখক ও অ্যাক্টিভিস্ট, নাজিফা জান্নাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ছাত্র ইউনিয়নের নেত্রী। কেন্দ্রীয় কাউন্সিলের ১০১ সদস্যের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী চার নেতা- এনসিপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, সাবেক কালচারাল সেলের উপ-প্রধান সৈয়দা নীলিমা দোলা এবং সাবেক সদস্য সৈয়দ ইমতিয়াজ নদভী। এ ছাড়াও কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অলিউর সান, ছাত্র ইউনিয়ন নেতা বাকী বিল্লাহ, মেঘমল্লার বসু, মাঈন আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক নূমান আহমাদ চৌধুরী ও রাফসান আহমেদ।

বিজ্ঞাপন

Download Now

Install Free

Prom Search

দলটির ঘোষণাপত্রে পাঁচটি মূলনীতি তুলে ধরা হয়- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা। ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান কেবল শাসক পরিবর্তনের দাবি ছিল না, এটি ছিল ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রকাশ। নাগরিক ও রাষ্ট্রের সম্পর্কের মৌলিক প্রশ্নগুলো জুলাই আন্দোলনের মধ্যদিয়ে স্পষ্ট হয়ে ওঠে। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসরের যে স্বপ্ন তৈরি হয়েছিল, দেড় বছর পর এসে তা অনেকটাই ভেঙে পড়েছে। এতে আরও বলা হয়, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ভাষা ও চর্চার পুনরুত্থান ঘটছে। সিদ্ধান্ত গ্রহণে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও নিরাপত্তা ক্রমেই বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েই জুলাইয়ের অভ্যুত্থান ঘটলেও প্রাণাধিকার ও মানবাধিকার এখনো নিশ্চিত হয়নি। ঘোষণাপত্রে অভিযোগ করে বলা হয়, অভ্যুত্থানের পরেও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিকের রক্ত ঝরছে। পাশাপাশি বিভিন্ন উগ্র গোষ্ঠীর হাতে নাগরিকের জীবন, সম্পদ এবং সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তির ওপর হামলা বাড়ছে। এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এই বাস্তবতায় গণতন্ত্র ও নাগরিক অধিকারকে অগ্রাধিকার দিয়ে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণের লক্ষ্যে এনপিএ যাত্রা শুরু করছে বলে ঘোষণাপত্রে জানানো হয়। এনপিএ’র তিন মুখপাত্র প্ল্যাটফরমের ঘোষণাপত্র পাঠ করেন।

এর আগে গত সপ্তাহে দলের উদ্যোক্তাদের পক্ষ থেকে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফরমের আত্মপ্রকাশের বিষয়ে জানানো হয় এবং বলা হয় দলটি হবে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’। মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে নীতি প্রণয়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে এই প্ল্যাটফরমে বিভিন্ন মতাদর্শের তরুণ ও ছাত্রনেতাদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠীর ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। আগেই জানানো হয়, এতে এনসিপি থেকে পদত্যাগ করা কয়েকজন নেতাও থাকছেন।