খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশে ২০২৪ সালের আগস্টের ‘বর্ষা বিপ্লব’-এর পর প্রথম জাতীয় নির্বাচন হওয়ার কথা ১২ই ফেব্রুয়ারি। কিন্তু নির্বাচনের আগে নারী, কন্যাশিশু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এটি মৌলিক মানবাধিকার রক্ষায় অন্তর্র্বতী সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলছে।
আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েসবাইটে এসব লিখেছেন সংগঠনের নারী অধিকার বিভাগের সিনিয়র সমন্বয়ক শুভজিৎ সাহা। তথ্য সূত্র: মানবজমিন
তিনি আরও লিখেছেন, পুলিশের তথ্য অনুযায়ী ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম মনে করেন, নারীদের অবাধ চলাফেরা ও সমাজে অংশগ্রহণ সীমিত করতে তৎপর ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর তৎপরতা ও উস্কানিমূলক বক্তব্যের কারণেই এ সহিংসতা বেড়েছে। ২০২৫ সালের মে মাসে কট্টরপন্থি ধর্মীয় গোষ্ঠীগুলো লিঙ্গসমতা ও নারী অধিকারের উন্নয়নে অন্তর্র্বতী সরকারের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং যেসব কর্মকাণ্ডকে তারা ‘ইসলামবিরোধী’ বলে আখ্যা দেয়, সেগুলো বন্ধের দাবি জানায়। এরপর থেকে নারী ও কন্যাশিশুরা মৌখিক, শারীরিক ও ডিজিটাল নিপীড়নের শিকার হচ্ছেন; যা ভয়ের পরিবেশ তৈরি করে তাদের কণ্ঠকে আরও স্তব্ধ করে দিচ্ছে।
বিভিন্ন সংখ্যালঘুও হামলার শিকার হয়েছেন। ডিসেম্বর মাসে ২৭ বছর বয়সী পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। বাংলাদেশে এর আগে দু’জন নারী প্রধানমন্ত্রী থাকলেও এবং ২০২৪ সালের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে নারীরা ব্যাপকভাবে উপেক্ষিত। আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলেই কোনো নারী প্রার্থী নেই। ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী, যা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি, তাদের ২৭৬ জন মনোনীত প্রার্থীর মধ্যে একজন নারীকেও অন্তর্ভুক্ত করেনি।
বাংলাদেশ সরকারের উচিত- দেশের নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। বিশেষ করে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি বাস্তবায়ন এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ ও নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করা। একইসঙ্গে সংবিধান অনুযায়ী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। এগুলো কোনো নতুন দাবি নয়; বরং বর্ষা বিপ্লবের আগে ও পরে বাংলাদেশিরা যেসব অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, তারই প্রতিফলন। অন্তর্র্বতী সরকার ও সব রাজনৈতিক দলের উচিত লিঙ্গসমতা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সুস্পষ্ট অঙ্গীকার গ্রহণ করা।











































