Home Lead নিম্নমানের সিসি ব্লকে নদের তীর রক্ষায় কাজ, অর্থ গচ্চার শঙ্কা

নিম্নমানের সিসি ব্লকে নদের তীর রক্ষায় কাজ, অর্থ গচ্চার শঙ্কা

35
কয়রা উপজেলার কাশিরহাটখোলা এলাকায় সিসি ব্লক তৈরি করছেন শ্রমিকরা

কয়রা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাশিরহাটখোলা এলাকার কপোতাক্ষ নদের তীর রক্ষায় প্রায় ছয় লাখ সিসি ব্লক তৈরির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব ব্লক তৈরিতে ব্যবহার হচ্ছে নিম্নমানের ‘মরা পাথর’ ও চিকন দানার বালু। এ ছাড়া সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রণের অনুপাতেও অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ের প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত রোববার প্রকল্প সাইটে গিয়ে দেখা যায়, শ্রমিকরা যন্ত্রের সাহায্যে সিমেন্ট, বালু ও পাথরের কুঁচি দিয়ে ব্লকের জন্য মিশ্রণ তৈরি করে তা ফ্রেমে ঢালছেন। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। প্রকল্প সাইটে কয়েকটি স্থানে বালু ও পাথরের স্তূপ করে রাখা আছে। সেসব স্তূপে মোটা দানার বালু ও কালো পাথরের কুঁচির পাশাপাশি চিকন দানার বালু ও নিম্নমানের সাদা পাথরের কুঁচিও রয়েছে। শ্রমিকরা প্রতিটি স্তূপ থেকে নির্মাণসামগ্রী নিয়ে যন্ত্রে ঢালছেন।


প্রকল্প সাইটে কর্মরত শ্রমিকরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতদের নির্দেশে তারা এভাবে সিসি ব্লকের মিশ্রণ তৈরি করছেন। মিশ্রণের অনুপাত সম্পর্কে জানতে চাইলে তারা ঠিকাদারের লোকজনের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন।

কাজের সাইটে থাকা সাইনবোর্ডে লেখা তথ্যে জানা জানা যায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধন প্রকল্পের আওতায় এক হাজার ৪০০ মিটার দৈর্ঘ্যের নদীতীর রক্ষা কাজ বাস্তবায়ন করছে এম এম বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটি তদারকির দায়িত্বে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-২ বিভাগ। কার্যাদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩১ জুলাই কাজ শেষ হওয়ার কথা।
পাউবোর উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী জানিয়েছেন, এখন পর্যন্ত প্রকল্পের কাজের ৭৫ শতাংশ শেষ হয়েছে। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর মিস্ত্রি অভিযোগ করেন, কাজের অনিয়মের কথা বলতে গেলে শ্রমিকরা ঠিকাদারের লোকজনের সঙ্গে আলাপ করতে বলেন, আর ঠিকাদারের লোকজন পাউবো কর্তৃপক্ষের দোহাই দেন। তবে পাউবো কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও তা আমলে নেয় না তারা।
ইউনুস আলী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ভালো মানের পাথর ও বালু কাজের শুরু থেকেই ‘স্যাম্পল’ হিসেবে কাজের সাইটে স্তূপ করে রাখা হয়েছে। সেই স্তূপের মালপত্র প্রকল্পের কর্মরত শ্রমিকদের কখনোই হাত দিতে দেখা যায় না। এর পাশেই রয়েছে নিম্নমানের বালু ও পাথরের স্তূপ। সব সময় সেই স্তূপের মালপত্রই ব্যবহার করে ব্লক তৈরি করা হচ্ছে। এ ছাড়া সিমেন্ট, বালু ও পাথরের অনুপাতেও গরমিল রয়েছে বলে অভিযোগ করেন তিনি।


জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের পক্ষে ব্যবস্থাপক ফিরোজ আহমেদ বলেন, পাথর, বালু ও সিমেন্টের মান যাচাইয়ের পর নিয়ম মেনেই সব কাজ করা হচ্ছে। ব্লক নির্মাণের মিশ্রণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ না থাকলেও সঠিক পদ্ধতিতে মান যাচাইয়ের পর তা কাজে ব্যবহার করা হয় বলে দাবি করেন তিনি।


কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে পাউবো সাতক্ষীরা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, সিসি ব্লক তৈরির পর সেগুলোর মান যাচাই করে কাজে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। যদি ঠিকাদার অনিয়ম করে থাকেন, তাহলে মান যাচাইয়ের সময় তা বাতিল করা হবে।