Home আন্তর্জাতিক মোদিকে ‘তেল’ দিচ্ছেন পুতিন

মোদিকে ‘তেল’ দিচ্ছেন পুতিন

12


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প পথ খুঁজছে মস্কো। লক্ষ্য একটাই, ভারতের বাজারে সস্তায় অপরিশোধিত রুশ তেলের সরবরাহ সচল রাখা। খবর রয়টার্সের।

গত নভেম্বরের শেষদিকে রাশিয়ার শীর্ষ দুই তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রোজনেফট’ ও ‘লুকোয়েল’-এর ওপর নিষেধাজ্ঞা দেয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর প্রভাবে ডিসেম্বরে ভারতে রুশ তেল আমদানি প্রতিদিন ১৭ লাখ ব্যারেল থেকে কমে ১২ লাখে নেমে আসে। তবে দীর্ঘমেয়াদে এই নির্ভরশীলতা কমার লক্ষণ নেই।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইতোমধ্যে নতুন রপ্তানিকারক প্রতিষ্ঠান বা ‘শ্যাডো মিডলম্যান’ তৈরি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা মূলত রোজনেফট ও লুকোয়েলের ওপর। ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তেল সরবরাহ করলে ভারতীয় শোধনাগারগুলো সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

জ্বালানি বিশ্লেষক হুমায়ুন ফালাকশাহি বলেন, ‘রুশরা বসে বসে নিষেধাজ্ঞা দেখবে না। তারা বিকল্প ব্যবস্থা সাজাচ্ছে। আগামী দুই-তিন মাসের মধ্যে নতুন সরবরাহ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে যাবে।’

এদিকে ভারতে তেল কেনা বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গত আগস্টেই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা তাদের সার্বভৌম ইস্যু এবং কোনো তৃতীয় দেশ এটি নির্ধারণ করতে পারে না।

বর্তমানে মধ্যপ্রাচ্যের তুলনায় রুশ তেল ব্যারেলপ্রতি ৯ থেকে ১০ ডলার সস্তায় পাচ্ছে ভারত। এই বিশাল সাশ্রয়ের কারণে রিলায়েন্সের মতো দু-একটি বেসরকারি প্রতিষ্ঠান সতর্ক থাকলেও, সরকারি শোধনাগারগুলো রুশ তেল কেনা চালিয়ে যেতে অনড়। গত ডিসেম্বরে পুতিনের ভারত সফরের সময়ও তিনি নিরবচ্ছিন্ন তেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।