Home জাতীয় গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

12

ঢাকা অফিস।।

রাজধানীতে বারান্দা ও জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে এক জামায়াত নেতাকে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় এ ঘটনা ঘটে। হত্যার পর আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

নিহত ওই জামায়াত নেতার নাম আনোয়ারুল্লাহ। তিনি পেশায় হোমিও চিকিৎসক।

পরিবারের দাবি, এটি নিছক ডাকাতি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, জামায়াত নেতার বাসার বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে বলে জানায় পরিবারের সদস্যরা।

আনোয়ারুল্লাহ রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন। পরিবারের সদস্যরা জানান, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে হত্যা করে। এরপর বাসা থেকে আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়।

আনোয়ারুল্লাহর ভাতিজা বলেন, ‘ওনাকে মারার সময় তারা বলে, “তোকে এখন মেরে ফেলব, কালেমা পড়।” তখন ফুফা বলেন, “আমি কালেমা জানি, আমি নিজেই পড়তে পারব।” এরপর সামান্য পানি খেতে দেয়। একেবারে মৃত্যু নিশ্চিত করেই তারা বের হয়ে যায়।’

ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’