খুলনাঞ্চল রিপোর্ট
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া আরাকান স্বাধীনতাকামী ৫২ জনকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বাদী হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করার পর পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। মঙ্গলবার দুপুর ২টার দিকে আটক এসব রোহিঙ্গাকে টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।
এ ছাড়া মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে গুলিবিদ্ধ শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে, সীমান্ত দিয়ে চলমান সংঘাতের রেশ এখন বাংলাদেশের অভ্যন্তরেও আতঙ্কের সৃষ্টি করছে। টেকনাফ ও উখিয়া সীমান্তে ওপারের গোলাগুলি ও বিস্ফোরণের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। তথ্য সূত্র: মানবজমিন
সমপ্রতি আরাকান আর্মির ছোড়া গুলিতে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ছাড়া, সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হওয়া ও অপর এক ব্যক্তির পায়ে গুলি লাগার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকেও মিয়ানমার অভ্যন্তরে বোমার শব্দ এপারে ভেসে আসে।
সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, ওপার থেকে আসা অনাকাঙ্ক্ষিত গোলাগুলি এবং মাইনের আঘাতে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করতে হচ্ছে। সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমছে না। প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবাসীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা ছৈয়দ আলম জানান, খুবই আতঙ্কে বাড়িতে সময় কাটাই। কখন মিয়ানমারের দিক থেকে গুলি বা মর্টারশেল এসে বাড়িতে পড়ে এই ভয়ে থাকি সারাক্ষণ। আমরা নাফ নদে মাছ, কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করি। এখন মাইন পুঁতে রাখায় ভয়ে যেতে পারছি না। আমরা সরকার ও বিজিবি’র হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত রেখা বরাবর এবং নাফ নদের তীরবর্তী অনেক পয়েন্টে মাইন পুঁতে রাখা হয়েছে। সমপ্রতি মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এই আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ওপার থেকে আরাকান আর্মির সদস্যদের ক্রমাগত গুলিবর্ষণ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্য সহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই বাছাই করে নাফ নদে মাছ আহরণকারী ২ বাংলাদেশি নাগরিক সহ নিরীহ ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবি’র উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে।











































