খুলনাঞ্চল রিপোর্ট
নানা জল্পনা-কল্পনা শেষে ভোলা-১ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
সোমবার বিকেলে তাঁর আইনজীবী মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। এর পর আসনটিতে বিএনপি জোটের একক প্রার্থিতা নিশ্চিত হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। গোলাম নবী আলমগীরের ১১ জানুয়ারি সই করা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনটি রিটার্নিং কর্মকর্তা ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে জমা দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রার্থী হিসেবে তিনি (গোলাম নবী আলমগীর) মনোনয়নপত্র দাখিল করেন, যা ৩ জানুয়ারির যাচাই-বাছাইয়ে বৈধ হিসেবে গণ্য হয়। ব্যক্তিগত কারণে তিনি মনোনয়নপত্রটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
গোলাম নবী আলমগীরের আইনজীবী আমিরুল ইসলাম বাছেদ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।









































