স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটী রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে—সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসন নিশ্চিত হতে পারেনি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকজন নারী পূজা দিতে গিয়ে মন্দিরের অভ্যন্তরে ভাঙচুর করা প্রতিমা দেখতে পান। পরে বিষয়টি তাঁরা মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে অবহিত করেন।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ, টিওএনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।
ওসি গোলাম কিবরিয়া আরও বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর পাইকগাছা পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁরা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।











































