Home খেলাধুলা বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলের গুঞ্জন, যা বলছে বিসিসিআই

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলের গুঞ্জন, যা বলছে বিসিসিআই

6


স্পোর্টস ডেস্ক।।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফাঁকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে ওঠা আলোচনা নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এ বিষয়ে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘এটি বিসিবি ও আইসিসির মধ্যকার বিষয়। এ বিষয়ে আমরা কোনো তথ্য জানি না।’

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর একান্ত সাক্ষাৎকারে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ ভারত সফর করবে না। কেকেআর আইপিএল ২০২৬ দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে তিনি বলেন, ভেন্যু পরিবর্তন হলে বাংলাদেশ শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে প্রস্তুত।

এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। জানা গেছে, পিসিবি এ বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। একই সঙ্গে বিসিবিও দুই দফা চিঠি দিয়ে আইসিসিকে অনুরোধ করেছে, যেন ভারতের বদলে শ্রীলংকায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয়।

বিভিন্ন জল্পনা ও পাকিস্তানের হস্তক্ষেপের পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব। তিনি বলেন, ‘চেন্নাই বা অন্য কোথাও বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিসিআই কোনো ধরনের বার্তা পায়নি। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়। এটি বিসিবি ও আইসিসির মধ্যকার যোগাযোগের বিষয়, কারণ আইসিসিই এই টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা।’

তিনি আরও যোগ করেন, ‘আইসিসি যদি ভেন্যু পরিবর্তন নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপাতত এ বিষয়ে আমরা কোনো তথ্য জানি না।’—আইএএনএসকে বলেন দেবজিৎ সাইকিয়া।

২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ সেখানে খেলতে অনিচ্ছুক-এমন প্রতিবেদনের পরই এই প্রস্তাব আসে।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিসিবি আইসিসিকে জানিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে স্বস্তি বোধ করছে না এবং বিকল্প হিসেবে শ্রীলংকার নাম প্রস্তাব করেছে। এর পর পিসিবি আইসিসিকে জানায়, শ্রীলংকা যদি ম্যাচ আয়োজন করতে না পারে, তাহলে পাকিস্তান তাদের স্টেডিয়াম দিতে প্রস্তুত।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গেলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। আমরা শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারতে যাব না। কেন আমরা যেতে চাই না, সে বিষয়ে আমরা পরিষ্কার।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো হাইব্রিড মডেল চাইছি না। এই সিদ্ধান্ত শুধু এই টুর্নামেন্টের জন্য। পাকিস্তান যে মডেল অনুসরণ করছে, তা নিয়ে আমরা ভাবছি না। ভবিষ্যতে ভারতের বিপক্ষে খেলতে পারি, সেটা ভবিষ্যতের বিষয়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমরা ভারতে যাচ্ছি না।’