Home বিনোদন বছর শুরুতেই বিচ্ছেদের সুর

বছর শুরুতেই বিচ্ছেদের সুর

6

বিনোদন ডেস্ক।।

বছর শুরু না হতেই মিডিয়ায় বাজতে শুরু করেছে বিচ্ছেদের সুর। আলোচিত তিন বিচ্ছেদ নিয়ে এ আয়োজন। লিখেছেন- ফয়সাল আহমেদ

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তাহসান নিজেই। শনিবার এই সংগীতশিল্পী ও অভিনেতা জানান, তাদের বিচ্ছেদের ঘটনা সত্য। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। এক বছর আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেন তাহসান খান। চার মাসের পরিচয় থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। দুজনই

নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। বিয়ের আয়োজন থেকে তাহসান বলেছিলেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’ বিয়ের পরপরই তারা হানিমুনে উড়াল দেন মালদ্বীপে। হানিমুন থেকে ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত’- এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন রোজা আহমেদ। তাহসান জানান, জুলাই মাসের পর থেকে সম্পর্কের ছন্দপতন ঘটে। তারা এ সময় আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময়ই গান ছাড়ার সিদ্ধান্ত নেন তাহসান। এই সংগীতশিল্পী আরও বলেন, ‘গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি।’

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের টেলিভিশন তারকা জয় ভানুশালি ও মাহি বিজ। গত বছরের নভেম্বরে গুঞ্জনের শুরু, অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন দুজন। ইনস্টাগ্রামে শেয়ার করা যৌথ এক বিবৃতিতে তারা নিশ্চিত করেছেন, পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত। ৪ জানুয়ারি রবিবার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে লেখা হয়েছে, ‘আজ (৪ জানুয়ারি) আমরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি, তবু আমরা একে অপরকে সমর্থন ও সম্মান করব। শান্তি, সহমর্মিতা আর মানবিকতা সব সময় আমাদের সম্পর্কের মূলনীতি হিসেবেই থাকবে।’ বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আমাদের সন্তান- তারা, খুশি ও রাজবীরের জন্য যখন যা করা প্রয়োজন, তা-ই করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। সেরা বাবা-মা, সেরা বন্ধু হিসেবে তাদের আগলে রাখব। যদিও আলাদা পথ বেছে নিচ্ছি, তবে এই গল্পে কোনো খলনায়ক নেই এবং এই সিদ্ধান্তের সঙ্গে কোনো নেতিবাচকতা জড়িত নেই।’ ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি বিজ ও জয় ভানুশালি। ২০১৭ সালে তারা সন্তান খুশি ও রাজবীরকে দত্তক নেন। দুই বছর পরে ২০১৯ সালে তাদের কন্যা তারা জন্মগ্রহণ করে।

নিকোল কিডম্যান ও কিথ আরবান

অস্কারজয়ী হলিউড তারকা নিকোল কিডম্যান ও গ্র্যামিজয়ী গায়ক কিথ আরবান ১৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন। যুক্তরাষ্ট্রের টেনেসির একটি আদালত ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই জুটির বিচ্ছেদের ঘোষণা দেন। বিচারক স্টেফানি জে উইলিয়ামস আদালত নথিতে লিখেছেন, দাম্পত্য জীবনের পার্থক্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখা ‘অব্যবহারিক ও অসম্ভব’। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিকোল বিচ্ছেদের জন্য আদালতে মামলা করেন। এর আগেই এই দম্পতি সম্পদ ও দুই কন্যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আইন অনুযায়ী সমঝোতায় পৌঁছেছিলেন। ফলে আইনগত চূড়ান্ত ঘোষণা আসতে খুব বেশি সময় লাগেনি। বিচারক সব বিবেচনা করে চূড়ান্ত ঘোষণার আগে দুজনকেই ৯০ দিনের সময় দিয়েছিলেন। কিডম্যান ও আরবান দুজনই অস্ট্রেলীয়, দুজনেরই বয়স ৫৮ বছর। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই জুটির যখন প্রথম দেখা, তখন দুজনেরই বয়স ছিল ৩৭ বছর। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে বিয়ে করেন এই জুটি। সেটি ছিল নিকোলের দ্বিতীয় বিয়ে আর কিথের প্রথম। দুই দশকে বিভিন্ন রেড কার্পেট ইভেন্টে একসঙ্গে উপস্থিত থেকেছেন এই জুটি।