Home আলোচিত সংবাদ নির্বাচন-পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা

নির্বাচন-পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা

18


খুলনাঞ্চল রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেসসচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং থ্রি জিরো উদ্যোগ—এই তিনটি বিষয়ে কাজ চালিয়ে যাবেন।
ড. ইউনূসের প্রথম পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, সেটি আরো বিস্তৃত আকারে অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার ‘থ্রি জিরো’ উদ্যোগও চলমান থাকবে।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই তার বাংলাদেশ সফর।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
এ ছাড়া বৈঠকে ড. ইউনূস জানান, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন।

টপ===============১
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
অনলাইন ডেস্ক
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন।
সুশীলা কারকি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি ‘আকস্মিক ঝড়ের’ সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে; কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। জেন-জি তরুণেরাও প্রতিদিন বলছে- আজ ছাড়ো, কাল ছাড়ো। কিন্তু সরকার ছাড়ার অর্থ কী?’
কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে অপমান করা হচ্ছে, আক্ষেপ করে বলেন তিনি। সুশীলা কারকি বলেন, তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটুকথা ও গালিগালাজ শুনছি।
‘আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না।’
তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না বলেও জানান তিনি।
‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না’, বলেন সুশীলা কারকি। সূত্র: হেডলাইন নেপাল