ক্রীড়া প্রতিবেদক।।
এবারের বিপিএলে ফিক্সিং বন্ধে কঠোর অবস্থানের কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলেন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর মতে, চলতি বিপিএলে দুর্নীতিবিরোধী ইউনিট কঠোর হওয়ায় ফিক্সিং অনেকটা কমে গেছে। গতকাল তিনি বলেন, ‘আমি যেটা নিশ্চিত হয়েছি, তারা দুর্নীতিবিরোধী ধারা ও নিয়মে যা আছে, সেটি শতভাগ বজায় রেখে কাজ করে চলেছে। আপনারা ও আমি যেটা জানি যে, কিছু কিছু আন্তর্জাতিক কোম্পানি, যারা এটা পর্যবেক্ষণ করে তাদের কাছ থেকে আপনি খোঁজ নিতে পারেন। আপনারা দেখবেন, সন্দেহভাজন কর্মকাণ্ড কমে গেছে।’
ঢাকা ক্যাপিটালসের রহমানউল্লাহ গুরবাজ যখন ঘুমাতে গেছেন, তখন তার রুমে দুর্নীতিবিরোধী কর্মকর্তা ঢুকে পড়েছেন বলে একদিন আগেই জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ। টিম ম্যানেজার বা খেলোয়াড় কাউকে না জানিয়ে গুরবাজের রুমে ঢুকে তার ফোন ঘেঁটে দেখা হয়েছে বলে দাবি ফাহাদের। প্রধান নির্বাহীর ফোন জব্দ করা হয়েছে। ইফতেখার রহমান এ বিষয়ে বলেন, ‘আমার মতে, তো এমনি এমনি কারও ফোন নেয় না। এটা পর্যবেক্ষণের একটি অংশ। আমার ফোনো যে কোনো সময় নিতে পারে। তাদের সেই অধিকার রয়েছে।’
দুর্নীতিবিরোধী ইউনিট তাদের কাজ ঠিকঠাক করছে বলেও জানান ইফতেখার রহমান। তিনি বলেন, ‘তারা খুবই কঠোর। একটা পিএমও এরিয়া আছে, যেখানে আপনি জানেন আম্পায়াররাও থাকেন ও বসেন। সেই এলাকার মধ্যে মানে ড্রেসিংরুমে এমনকি আমি বিপিএল ম্যানেজ করছি, আমারও সেখানে যাওয়া নিষেধ। কতটা কঠোর অবস্থায় তারা (আইসিসির দুর্নীতিবিরোধী কর্মকর্তা) আছেন, কতটা আত্মনিবেদন নিয়ে কাজ করছেন এটাই তার প্রমাণ।’
গুরবাজের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘গুরবাজের যে কথা আছে, সেটি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। দুর্নীতিবিরোধী নীতিমালায় স্পষ্ট লেখা আছে- তাদের সেভাবে পর্যবেক্ষণ করার পূর্ণ অধিকার রয়েছে। ১৫ তারিখের পর আমাদের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা আপনাদের জানাবেন।’
বিপিএলের পর্দা উঠেছে সিলেটে। চায়ের শহরে বিপিএল ম্যাচ বেশ জমজমাট-ই হচ্ছে। দর্শকরা চার-ছক্কা উপভোগ করছেন। সিলেট থেকে বিপিএল ফিরবে ঢাকার মিরপুরে। এখানকার পিচে ব্যাটাররা রান পাবেন তো? ইফতেখার রহমান আশাবাদী। তিনি বলেন, ‘মিরপুরের গ্রাউন্ডস অনেক রেস্ট পেয়েছে, আমরা আশা করছি এখানে ভালো স্পোর্টিং উইকেট পাব।’
আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা পর্বের খেলা শুরু হবে। বিসিবি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তার বিষয়ে সরকারের তরফ থেকে পূর্ণ সাপোর্ট পাবে দেশের ক্রিকেট বোর্ড। ইফতেখার রহমান বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের পূর্ণ সাপোর্ট করছে মিনিস্ট্রি। পুলিশ, র?্যাব সবাই সাপোর্ট দেবে এটা কনফার্ম করেছে হোম মিনিস্টার। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।’ এবারের বিপিএলের ২৫ লাখ টাকায় হীরাখচিত ট্রফি দুবাই থেকে আসছে। মিঠু জানান, বিপিএলের ট্রফি ১৭ জানুয়ারি আসবে।’
ইফতেখার মিঠু কথা বলেছেন বিশ্বকাপ প্রসঙ্গেও। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলকে ভারতে পাঠাবে না বিসিবি। বাংলাদেশি এলিট আম্পায়াররা যাবে কিনা, সে প্রশ্নের জবাবে বিসিবির এ পরিচালক বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশি এলিট আম্পায়ারা যাবে কিনা সেটা আইসিসি আর আমাদের আম্পায়ারদের বিষয়। আইসিসিই যে-কোনো জায়গায় যেতে বললে তাদের যেতে হবে। এখন বাংলাদেশিরা যদি না যায়, সেটা তাদের ব্যাপার।’











































