স্টাফ রিপোর্টার।।
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনছারকে দুই বছরের জন্য সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১১ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে অধ্যাপক ড. মো. রুবেল আনছারকে আগামী দুই বছর কোনো ধরনের একাডেমিক পাঠদান, পরীক্ষা গ্রহণ, গবেষণা তত্ত্বাবধান কিংবা প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং যেকোনো অভিযোগের ক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত অধ্যাপক ড. মো. রুবেল আনছারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।










































