Home Lead সুন্দরবনে দুই জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সুন্দরবনে দুই জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

14


বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকার কালামিয়ার ভারণী থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায়।

রবিবার দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকায় নদীতে মাছ ধরছিল তার জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা নৌকায় উঠে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে তাদের ট্রলারে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় দস্যুরা মুক্তিপণের বিষয়ে যোগাযোগের জন্য অন্য জেলেদের একটি মুঠোফোন নম্বর দিয়ে যায়। এ ঘটনায় শেলারচর এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু বলেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতায় জেলে ও মৎস্যজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দস্যুদের নির্ধারিত চাঁদা বিকাশের মাধ্যমে পরিশোধ করেই অনেক সময় মাছ ধরতে হয়। চাঁদা না দিলে জেলেদের অপহরণ করা হচ্ছে। তিনি জানান, গত মাসে তার চারজন জেলেকেও অপহরণ করা হয়েছিল। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়। বনদস্যু দমনে র‌্যাব, কোস্ট গার্ড ও নৌপুলিশের টহল ও অভিযান জোরদারের দাবি জানান তিনি।

সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আ. সবুর টিয়ারচর এলাকায় দুই জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।