Home আঞ্চলিক বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখতে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: হেলাল

বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখতে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: হেলাল

14


দিঘলিয়া প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনার দিঘলিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরোয়ার খান ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে কয়েক শ’ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস, হিমোগ্লোবিন, কিডনি, চোখ ও দন্ত পরীক্ষা এবং হৃদরোগ ও বাতের ব্যথার চিকিৎসা প্রদান করা হয়।
বিকালে দিঘলিয়ার সেনহাটি খান এ সবুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তাঁর মৃত্যুতে দেশের সকল রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে এবং দোয়া করেছে। যারা তাঁকে অসম্মান করতে চেয়েছিল, আজ তারা নিজেরাই অপমানিত হয়ে পলায়ন করেছে। মহান আল্লাহ যাকে খুশি ইজ্জত দান করেন, বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।”
নারীদের প্রতি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে হৃদয়ে ধারণ করতে হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনিই প্রথম বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন।”
দিঘলিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন যে, ক্ষমতায় গেলে স্টার জুট মিল পুনরায় চালু, ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “মাদকের সাথে জড়িত ব্যক্তি যেই হোক, এমনকি বিএনপির লোক হলেও তাকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আমাদের দলে কোনো স্থান নেই।” এছাড়াও তিনি বিএনপি ক্ষমতায় এলে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের বেতন প্রদান এবং পারিবারিক, স্বাস্থ্য ও কৃষক কার্ড চালুর ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি গাজীরহাট শ্মশান মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, সাইফুর রহমান মিন্টু মোল্লা, নাজমুল মোল্লা, মনির মোল্লা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, মোল্যা মাহমুদুল হাসান মিঠু, কুদরত-ই- এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, ফারুক হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।