খুলনাঞ্চল রিপোর্ট
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শুক্রবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
হামিদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রয়েছে। এ মামলার তথ্য গোপন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র। তবে প্রার্থিতা ফেরত চেয়ে তিনি আপিল করতে পারবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘মনোনয়নপত্রে উল্লিখিত তথ্যে গরমিল থাকায় জেলার দুই আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।’
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কক্সবাজার-২ আসন থেকে মনোনয়ন জমা দেন সাতজন। এর মধ্যে জামায়াত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়ন এ আসন থেকে বাতিল হয়েছে।
বর্তমানে কক্সবাজার-২ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা পাঁচ। তাঁরা হলেন বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের জিয়াউল হক, খেলাফত মজলিসের ওবাদুল কাদের নদভী, গণ অধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।










































