Home খেলাধুলা ছিটকে গিয়ে মোস্তাফিজকে মনে করছেন নবী

ছিটকে গিয়ে মোস্তাফিজকে মনে করছেন নবী

7


স্পোর্টস ডেস্ক

ইন্টারন্যাশনাল লীগ (আইএল) টি-টোয়েন্টি থেকে ফিরে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ওদিকে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লীগটির এলিমিনেটর ম্যাচে হেরে ছিটকে গেছে তার দল দুবাই ক্যাপিটালস। তাই তো ম্যাচের পর লীগটিতে বল হাতে দ্যুতি ছড়ানো টাইগার পেসারের অনুপস্থিতি অনুভব পারছেন অধিনায়ক মোহাম্মদ নবী।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আবু ধাবি নাইট রাইডার্সের কাছে ৫০ রানে হেরে দেখে স্বাগতিক দল। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৮ রান তোলে আবু ধাবি। রান তাড়ায় ১৬.২ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস। এই ক্যাপিটালসের হয়ে এবার আলো ছড়ান মোস্তাফিজ। আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক মৌসুমে ৮ ম্যাচে নেন ১৫ উইকেট। আরব আমিরাত ছেড়ে দেশের ফেরার সময় এটি ছিল পেসারদের মধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট।


সেখান থেকে ফেরার পরও নিজ দলের সফলতম পেসার ৩০ বছর বয়সী মোস্তাফিজই। ক্যাপিটালসের দ্বিতীয় সফলতম পেসার আরেক বাঁহাতি পেসার ডেভিড উইলি ১১ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। অধিনায়ক নবীও বুঝতে পারছেন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন দ্য ফিজ। ম্যাচের পর আফগান তারকা অলরাউন্ডার বলেন, ‘ফিজ একটু বেশি মূল্যবান ক্রিকেটার ছিল। আমাদের জন্য উইকেট শিকারি বোলার ছিল। তাকে অনেক মিস করেছি। কারণ, ডেথ ওভারে রান আটকানোর পাশাপাশি উইকেট নেয়ার মতো বোলার সে। হ্যাঁ, আমরা তার অভাব অনুভব করেছি।’

বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সব ঠিকঠাক থাকলে তাকে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)। মিনি নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।