Home খেলাধুলা সুস্থতার পথে রবার্তো কার্লোস, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার গুঞ্জন নাকচ

সুস্থতার পথে রবার্তো কার্লোস, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার গুঞ্জন নাকচ

4


স্পোর্টস ডেস্ক

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস একটি ‘প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়া’ শেষে ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন। ৫২ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার তথ্য দিয়েছেন। সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখে তোলা একটি ছবিও শেয়ার করেন তিনি।

একই সঙ্গে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার গুঞ্জন স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় কার্লোস লেখেন, ‘সম্প্রতি যেসব তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পরিষ্কার করতে চাই। আমার চিকিৎসক দলের সঙ্গে আগেই পরিকল্পিত একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। প্রক্রিয়াটি সফল হয়েছে এবং আমি ভালো আছি। আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হইনি।’

তিনি আরও বলেন, ‘আমি দ্রুত সেরে উঠছি এবং খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আবার আমার পেশাগত ও ব্যক্তিগত দায়িত্বে ফিরতে মুখিয়ে আছি। আপনাদের সবার সমর্থন, যত্ন ও খোঁজখবর নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাইকে আশ্বস্ত করতে চাই-উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমার চিকিৎসায় নিয়োজিত পুরো মেডিকেল টিমের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।’

রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২৭ ম্যাচ খেলে চারটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন। জাতীয় দলের হয়ে ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিততেও বড় ভূমিকা রাখেন তিনি।

ফ্রি-কিক বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে খ্যাত এই ফুটবলার রিয়াল মাদ্রিদের বাইরে পালমেইরাস, ইন্টার মিলান, ফেনারবাহচে ও করিন্থিয়ান্সের হয়েও খেলেছেন।