ঢাকা অফিস
শনিবার থেকেই ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সারাদেশে আরও জোরালোভাবে মাঠে নামছে পুলিশ। সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনবিরোধী সচেতনতামূলক মহাবেশ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। সমাবেশে সমাজের গ্রহণযোগ্য সকল স্তরের গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা থাকছেন। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও নিশ্চিত করবে পুলিশ। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে যেভাবে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে, ঠিক সেইভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে সভা সমাবেশ, ইসলামী জলসা, উঠোন বৈঠকসহ নানাভাবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। ইতোমধ্যেই ধর্ষণ ও নারী শিশু নির্যাতনসহ নানা ইস্যুতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে দেশের বিভিন্ন স্তরের মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে করে মানুষের মধ্যে যেমন সচেতনতা সৃষ্টি হবে, তেমনি বাড়তি সাহসও জোগাবে। পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের মতে, অতীতে নানা ইস্যুতে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ধর্ষণ ইস্যুতে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এজন্য ধর্ষণের বিরুদ্ধে সারাদেশে আরও বেশি সচেতনতা সৃষ্টির জন্য শনিবার থেকে পুলিশকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার থেকেই দেশব্যাপী সমাবেশ করবে পুলিশ। ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে এ সমাবেশ হবে।
শনিবার সকাল দশটায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সারাদেশে সমাবেশ করছে পুলিশ। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করছেন। তাঁরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করবেন।
দেশবাসীকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করবেন। প্রতিটি সমাবেশ স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে দায়িত্ব পালন করতে কড়া নির্দেশনা দিয়েছেন পুলিশ প্রধান। দেশের সেবা ও জনগণের কল্যাণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ধর্ষণ ইস্যুতে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে। পরিকল্পিতভাবে ধর্ষণ ইস্যুতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শীর্ষ কতিপয় নেতা। তারা দেশের প্রতিটি থানায় পরিকল্পিতভাবে বেশি বেশি মামলা দায়ের করে, দেশে ধর্ষণ বেড়ে গেছে বলে প্রমাণ করার চেষ্টা করছে। আর সেটিকে ইস্যু বানিয়ে সরকারবিরোধী তৎপরতা চালানোর পথ খুঁজছে। এজন্য নির্দেশনা মোতাবেক সাইবার বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কঠোর নজরদারি করছে। অনেকেই চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- হয়েছে। যা এক সময় বলতে গেলে অনেকটা গণদাবিই ছিল। তারপরও কোন গোষ্ঠী বা সামাজিক সংগঠন এসব ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করলে তাতে বাধা নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি বুঝে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
র ্যা ব মহাপরিচালক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন র্যা বের সকল সদস্যকে ধর্ষণ ইস্যুতে গুজব সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খ্যাতিমান অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কারণ পুলিশের নেটওয়ার্ক গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত। পুলিশ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যে সমাবেশ করতে যাচ্ছে তা খুবই কাজে আসবে। কারণ এতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, তেমনি মানুষের মধ্যে বাড়তি সাহস জোগাবে।
তিনি বলছেন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন একটি মানসিক ব্যাধি। পুরোটাই মানসিক বিষয়। সচেতনতা বাড়ানো ছাড়া সমাজে এ ধরনের অপরাধ কমিয়ে আনা কঠিন কাজ। মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের সচেতন ও সাবধানতা অবলম্বন করতে হবে।
ধর্ষণের নেতিবাচক প্রভাব সম্পর্কে পাড়া মহল্লায় সভা সমাবেশ করে মানুষকে বুঝাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান ও পাঠদানের মাধ্যমে এসব বিষয় সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের মানুষদের সচেতনতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের রীতিমতো এসব বিষয়ে সতর্কতামূলক শিক্ষা দেয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। প্রযুক্তির কারণে মানুষ যেন নীতি, নৈতিকতা, ধর্মীয় অনুশাসন, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত দায়বদ্ধতা ভুলে না যায়, তা শেখাতে হবে। পুলিশ বা অন্য আইনশৃঙ্খলাবাহিনী এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে তারা যখন বিভিন্ন সভা সমাবেশে যান, তারা এসব বিষয়ে বক্তব্য দিয়ে এবং পাশাপাশি আইনে কঠোর শাস্তির কথা জানালে এ ধরনের অপরাধ কমে আসার ক্ষেত্রে আরও সুফল পাওয়া যাবে। মামলা দায়েরকারী বা ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের নিয়মিত মনিটরিং করা জরুরী। এটি ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে কমিয়ে আনতে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক এবং গণসংযোগ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, গত ৪ অক্টোবর থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯টি রেঞ্জের অধীনে ১৩৫টি উপজেলার সমসংখ্যক গ্রামের প্রতিটিতে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ১২ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ আগামী ১৫ অক্টোবর শেষ হয়েছে।
মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু নির্যাতন রোধ, ধর্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পাচার রোধ, বাল্যবিবাহ নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্মনিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ, শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গী দমন বিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষরোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিষয়ক আলোচনা, গবাদি পশু ও পাখি পালন এবং চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নিদুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই মাঠ পর্যায়ে কাজ করছেন।











































